
বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ অর্থায়নে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ নিয়ে এসেছে কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি বা ইয়েস প্রোগ্রাম। ঢাকার মার্কিন দূতাবাস এর স্প্রিং ২০২৭ সেমিস্টারের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন গ্রহণ শুরু করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ সেপ্টেম্বর বিকেল চারটা পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।
ঢাকার মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের একটি হাইস্কুলে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ পাবেন। এর পাশাপাশি তারা আমেরিকান কোনো স্বনামধন্য পরিবারের সঙ্গে অবস্থান করবেন। এতে মার্কিন সমাজের সংস্কৃতি, শিক্ষা ও জীবনযাত্রার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে।
প্রোগ্রামটির অধীনে শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষাই নয়; বরং নেতৃত্বের দক্ষতা বাড়াতে উদ্ভাবন, ব্যবসা ও শাসনব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন আধুনিক কার্যক্রমেও অংশ নেওয়ার সুযোগ থাকবে।
মার্কিন দূতাবাস জানায়, বিশ্বব্যাপী তরুণ নেতৃত্বের একটি আন্তর্জাতিক শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করাই এ প্রোগ্রামের মূল লক্ষ্য। এর মাধ্যমে দুই দেশের সংস্কৃতি ও পারস্পরিক বোঝাপড়ার এক অনন্য বিনিময়ের সেতু নির্মিত হবে।
পুরো নির্বাচনপ্রক্রিয়া মেধার ভিত্তিতে বেশ কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন করা হবে। আন্তর্জাতিক শিক্ষা ও সম্পদ নেটওয়ার্ক (আইইআরএন) বাংলাদেশের সহায়তায় আবেদনপ্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, ২০০৪ সালে চালু হওয়া ইয়েস প্রোগ্রামের আওতায় বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৫৩০ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে এই শিক্ষাবৃত্তির সুযোগ পেয়েছেন।
আরটিভি/এআর


