
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের রজার উইলিয়ামস পার্ক চিড়িয়াখানায় জলাতঙ্ক আক্রান্ত বাদুড়ের উপস্থিতি পাওয়ার পর স্থানীয় জনগণের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে রাজ্যটির স্বাস্থ্য বিভাগ। স্থানীয় স্বাস্থ্য বিভাগ এই ঘটনায় চিড়িয়াখানায় আসা ব্যক্তিদের অবিলম্বে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে।
রোড আইল্যান্ড স্বাস্থ্য বিভাগ (আরআইডিওএইচ) জানায়, গত ২৪ আগস্ট চিড়িয়াখানার জল-ক্রীড়া (ওয়াটার প্লে) এলাকায় একটি বাদুড়কে অস্বাভাবিক আচরণ করতে দেখেন দর্শনার্থীরা। লক্ষণগুলো বিশ্লেষণ করে চিকিৎসকেরা নিশ্চিত হন যে বাদুড়টি জলাতঙ্কে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে ছিল। ঘটনাটি জানার পর গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে রাজ্য স্বাস্থ্য বিভাগ।
তবে চিড়িয়াখানার পশুচিকিৎসা দলের দাবি, বাদুড়টি বন্য ছিল এবং চিড়িয়াখানার নিজস্ব প্রাণী সংগ্রহের অন্তর্ভুক্ত ছিল না। প্রোটোকল অনুযায়ী এটিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হলেও পরীক্ষার আগেই বাদুড়টি নিখোঁজ হয়। বাদুড়ের কামড় বা আঁচড় অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় অনেকে তা অনুধাবন করতে পারেন না। এ কারণে সেদিন যারা ওই এলাকায় ছিলেন, তাদের সতর্কতামূলক চিকিৎসার আওতায় আনতে এই বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বাদুড়ের দাঁত অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় কামড়ের বিষয়টি অনেক সময় অনুধাবন করা কঠিন হয়। ফলে ওই দিনে চিড়িয়াখানায় কোনো বাদুড়ের সংস্পর্শে আসা ব্যক্তিদের অতি দ্রুত তাদের নির্দিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রজুড়ে জলাতঙ্ক বা জলাতঙ্ক-সন্দেহযুক্ত প্রাণীর উপদ্রব অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার তথ্য প্রকাশ করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। বিশেষ করে র্যাকুন ও বাদুড়ের মধ্যে এই ভাইরাসের বিস্তার বেশি দেখা যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ম্যাসাচুসেটসের কেপ কডসহ বিভিন্ন বন্য এলাকায় হেলিকপ্টার থেকে প্রতিষেধকযুক্ত খাবারের প্যাকেট ফেলা হচ্ছে।
উল্লেখ্য, সময়মতো উপযুক্ত প্রতিষেধক বা চিকিৎসা না পেলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অকার্যকর করে দেওয়া এই রোগ মানুষের ক্ষেত্রে প্রায় শতভাগ প্রাণঘাতী রূপ ধারণ করে।
আরটিভি/এআর




