
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবীন সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা ২০২৬। কলাম্বিয়ার গিবসন পন্ড পার্কে দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, পরিবার ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ প্রায় ১৫০ জন নিবন্ধিত অতিথি অংশ নেন।
এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল নতুন ভর্তি হওয়া ২৮ জন বাংলাদেশি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো। বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী অলাভজনক ও অরাজনৈতিক এই সংগঠনটির ৬০ জনের বেশি শিক্ষার্থী সদস্য রয়েছেন। বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য বৃহত্তর সাউথ ক্যারোলিনা কমিউনিটির কাছে তুলে ধরাও সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।
গিবসন পন্ড পার্কে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অতিথিদের গরম সবজি সিঙ্গারা দিয়ে স্বাগত জানানো হয়। পরে পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, নতুনদের সঙ্গে পরিচিত হওয়া এবং পার্কের পুকুর, হাঁটার পথ ও সবুজ পরিবেশ ঘুরে দেখেন অংশগ্রহণকারীরা।
দুপুরে পরিবেশন করা হয় পোলাও, মুরগির রোস্ট, মিশ্র সবজি, ডিম ও সালাদসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার। একসঙ্গে বসে খাবার উপভোগ করেন শিক্ষার্থী, শিক্ষক, পরিবার ও কমিউনিটির সদস্যরা। পাশাপাশি বিভিন্ন খেলাধুলার আয়োজন থাকায় পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
দম্পতিদের জন্য বেলুন দৌড়, পুরুষদের জন্য মার্বেল দৌড়, নারীদের জন্য বালিশ পাসিং এবং শিশুদের জন্য বিস্কুট দৌড়ের আয়োজন করা হয়। এসব খেলায় অংশগ্রহণ ও অন্যদের উৎসাহ দেওয়ার মধ্য দিয়ে বিভিন্ন প্রজন্মের বাংলাদেশিদের মধ্যে তৈরি হয় প্রাণবন্ত যোগাযোগ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনাও ছিল। নতুন শিক্ষার্থী ঐশী জ্যোতির পরিবেশনার পর বাবা-ছেলের জুটি আনন্দ ও তাহমিদ ভাই সংগীত পরিবেশন করেন। গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশি ঐতিহ্য ও কমিউনিটির বন্ধনের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজনের বিশেষ পর্বে ২০২৬ সালের নতুন ২৮ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অরুণাভ দাস নবাগতদের উদ্দেশে একটি বিশেষ কবিতা রচনা করে আবৃত্তি করেন।
পরে সংগঠনের ফ্যাকাল্টি অ্যাডভাইজার রফিকুল ইসলাম রানা নবাগত শিক্ষার্থীদের প্রত্যেককে উপহার দিয়ে স্বাগত জানান। নতুন শিক্ষার্থীরা একে একে নিজেদের পরিচয় দেন এবং কলাম্বিয়ার বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির সঙ্গে পরিচিত হন।
বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তাহরিমা মোহসিন মোহনা ২০২৬-২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। একই সঙ্গে তিনি গত এক বছরে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং আগামী বছরেও কমিউনিটির সদস্যদের সক্রিয়ভাবে সংগঠনের কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষদিকে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। এবার মোট ১৫টি র্যাফেল পুরস্কারের ব্যবস্থা করা হয়। আগের বছরগুলোতে এই সংখ্যা ছিল ১০টি। এবার আরও দুটি বিশেষ পুরস্কার যুক্ত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্নকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে একটি বিশেষ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি নবাগতদের পরিচিতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে সবচেয়ে বেশি র্যাফেল টিকিট বিক্রি করা নবীন শিক্ষার্থীকেও দেওয়া হয় বিশেষ পুরস্কার।
আয়োজকদের মতে, নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি পুরোনো ও নতুন প্রজন্মের বাংলাদেশিদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য। বাংলাদেশি খাবার, সংগীত, খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে কমিউনিটির মিলন ও বন্ধনের বিশেষ আয়োজন।
আয়োজনে পরিকল্পনা, স্বেচ্ছাসেবা, রান্না, খাবার পরিবেশন, সাংস্কৃতিক পরিবেশনা, ছবি তোলা ও অন্যান্য সাংগঠনিক কাজে যারা সময় দিয়েছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই অনুষ্ঠানটি সফল হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নতুন শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কলাম্বিয়ায় পরিচিত ও আপন পরিবেশ তৈরিতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আরটিভি/জেএমএ


