
থ্যাংকসগিভিং ও বড়দিনের ছুটিতে বিমানে ভ্রমণের পরিকল্পনা থাকলে এখনই টিকিট কাটার সময়। গুগলের নতুন তথ্য বলছে, এ বছর ছুটির মৌসুমে বিমানভাড়া স্বাভাবিকের চেয়ে বাড়তে পারে। তাই কম দামে টিকিট পেতে আগেভাগে বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে।
গুগল ফ্লাইটসের পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ অনুযায়ী, থ্যাংকসগিভিংয়ের সময় ভ্রমণের জন্য অক্টোবরেই সবচেয়ে কম দামের টিকিট পাওয়া যেতে পারে। আর বড়দিনের সময় ভ্রমণকারীদের অক্টোবরের শেষ নাগাদ টিকিট কেটে রাখলে ভালো দাম পাওয়ার সম্ভাবনা বেশি।
থ্যাংকসগিভিংয়ের টিকিট কাটার সেরা সময়
এ বছর যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং পালিত হবে ২৬ নভেম্বর। গুগলের তথ্য অনুযায়ী, এই ছুটির সময় সবচেয়ে কম দামের বিমান টিকিট পাওয়া যায় যাত্রার প্রায় ৩৪ দিন আগে।
২৬ নভেম্বরের আগের বুধবার অর্থাৎ ২৫ নভেম্বর ভ্রমণ করতে চাইলে ২২ অক্টোবরের দিকে টিকিট কাটলে সবচেয়ে কম ভাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে শুধু একটি দিনের ওপর নির্ভর না করে থ্যাংকসগিভিংয়ের ৫৭ থেকে ২১ দিন আগে টিকিট কিনলেও তুলনামূলক কম ভাড়া পাওয়ার সুযোগ রয়েছে।
বড়দিনের টিকিট কখন কাটবেন
বড়দিনের সময় ভ্রমণের ক্ষেত্রে যাত্রার প্রায় ৫৬ দিন আগে টিকিট কাটলে সবচেয়ে কম ভাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।
গুগলের তথ্য অনুযায়ী, ভ্রমণের ৬৭ থেকে ৩৩ দিন আগে টিকিট কিনলে ভালো দাম পাওয়ার সুযোগ বেশি। অর্থাৎ অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি সময় বড়দিনের ভ্রমণের টিকিট কাটার জন্য সবচেয়ে ভালো সময় হতে পারে।
বিমানভাড়া কমানোর আরেকটি উপায় হলো ব্যস্ত সময় এড়িয়ে ভ্রমণ করা। ভাড়া বিশ্লেষণকারী প্রতিষ্ঠান হপার জানিয়েছে, থ্যাংকসগিভিংয়ের আগের বুধবারের পরিবর্তে সোমবার বা মঙ্গলবার ভ্রমণ করলে খরচ কম হতে পারে।
এছাড়া ২৯ নভেম্বর রোববার, অর্থাৎ থ্যাংকসগিভিংয়ের পরের রোববার ফিরতি যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বড়দিনের সময়ও একই কৌশল কাজে লাগতে পারে। ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর এবং বড়দিনের পরের রোববার ২৭ ডিসেম্বর বিমানযাত্রা এড়িয়ে চললে তুলনামূলক কম ভাড়ায় টিকিট পাওয়ার সুযোগ থাকতে পারে।
এ বছর যুক্তরাষ্ট্রে ছুটির মৌসুমে বিমানভাড়া স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধের কারণে তেলের পাশাপাশি উড়োজাহাজের জ্বালানির দাম বেড়েছে। আর কর্মীদের বেতনের পর উড়োজাহাজের জ্বালানিই বিমান সংস্থাগুলোর সবচেয়ে বড় ব্যয়ের একটি।
আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর আগে বিশ্ববাজারে উড়োজাহাজের জ্বালানির গড় দাম ছিল ব্যারেলপ্রতি ৯৯ ডলার। এপ্রিলে তা বেড়ে ২০৯ ডলারে পৌঁছায়। সেপ্টেম্বরের মাঝামাঝি দাম ছিল প্রায় ১৯৫ ডলার।
ভাড়া বিশ্লেষণকারী প্রতিষ্ঠান হপারের তথ্য বলছে, এবার থ্যাংকসগিভিংয়ের সময় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ যাওয়া-আসার বিমানভাড়ার গড় প্রায় ৪০২ ডলার, যা গত বছরের তুলনায় ৩১ শতাংশ বেশি।
বড়দিনের সময় একই ধরনের যাত্রার গড় ভাড়া প্রায় ৪৫২ ডলার, যা গত বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি।
সূত্র: সিবিএস নিউজ
আরটিভি/জেএমএ


