
নিউইয়র্কে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বাংলাদেশি নাগরিক আজিজুল হক খোকনের মৃত্যুর খবর মিলেছে। তিনি বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের নেতা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
সিদ্দিকুর রহমান জানান,শনিবার (৩ অক্টোবর) থেকে নিখোঁজ ছিলেন কাজী আজিজুল হক খোকন। অনেক খোঁজাখুঁজির পর বুধবার রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে। নিখোঁজের দিনেই তার মৃত্যু হয়। পরে তাকে সিটির একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এখানে তার নিজের স্বজন ও পরিচয় নিশ্চিত না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ব্রুকলিনের আই ৯৯ উইনত্রোপ স্ট্রীট চীফ মেডিকেল এক্সামিনার কার্যালয়ের ফিউনারেলে পাঠিয়ে দেয়। সেখানে তার মরদেহ রয়েছে।
প্রসঙ্গত খামারবাড়ি গ্রোসারি ও নবান্ন রেস্টুরেন্ট সংলগ্ন অবকাশ স্টোরে কাজ করতেন খোকন। কিউ গার্ডেনের বাসায় একা থাকতেন তিনি।
তার দেশের বাড়ি বাংলাদেশের মাগুরায়। খোকন প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকলেও তার অভিবাসনসংক্রান্ত কাগজপত্র হয়নি বলে জানা গেছে। শারীরিকভাবেও কিছুটা অসুস্থ ছিলেন তিনি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন খোকন।
আরটিভি/টিআর



