
যুক্তরাষ্ট্রে নারী জিমন্যাস্টদের পোশাক পরিবর্তন ও টয়লেট ব্যবহারের সময় গোপনে ভিডিও ধারণের দায়ে এক সাবেক কোচকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৪ অক্টোবর) মিসিসিপির একটি জিমন্যাস্টিকস কেন্দ্রে শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের ঘটনায় শন গার্ডনার নামের ৩৯ বছর বয়সী ওই কোচকে এ সাজা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক ক্রিস্টি জনসন অভিযুক্ত শন গার্ডনারকে সর্বোচ্চ সাজা দিয়েছেন। শিশুদের যৌন শোষণমূলক ভিডিও তৈরির তিনটি ফেডারেল অভিযোগে দোষ স্বীকার করায় প্রতিটি অভিযোগে তাকে ৩০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ সাজা কার্যকর হলে তার জীবদ্দশায় মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই গত বছরের গ্রীষ্মে গার্ডনারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত মিসিসিপির পারভিস এলাকার একটি জিমন্যাস্টিকস প্রশিক্ষণকেন্দ্রের শৌচাগারে গোপন ক্যামেরা বসিয়ে শিক্ষার্থীদের ভিডিও ধারণ করেন তিনি।
তদন্তকারীরা জানান, অন্তত ১০ জন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর নগ্ন অবস্থায় থাকা বা পোশাক পরিবর্তনের দৃশ্যের কাছ থেকে ধারণ করা ভিডিও উদ্ধার করা হয়েছে। কয়েক বছর পর আইওয়ায় জিমন্যাস্টদের যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত করতে গিয়ে তার কম্পিউটার থেকে এসব ভিডিও উদ্ধার করা হয়।
আইওয়ার ওয়েস্ট ডেস ময়েনসের চৌ’স জিমন্যাস্টিকস অ্যান্ড ড্যান্স ইনস্টিটিউটে কাজ করার সময় গার্ডনারের বিরুদ্ধে আরও কয়েকজন সাবেক শিক্ষার্থী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। তাদের কেউ কেউ পুলিশের কাছে অভিযোগ করেছেন, আবার কেউ দেওয়ানি মামলাও করেছেন। তবে আইওয়ার এসব অভিযোগের ঘটনায় গার্ডনারের বিরুদ্ধে এখনো কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি। পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় মামলার কার্যক্রম শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গার্ডনার একসময় যুক্তরাষ্ট্রের যুব জিমন্যাস্টিকস অঙ্গনের পরিচিত কোচ ছিলেন। তিনি সম্ভাবনাময় কয়েকজন তরুণ জিমন্যাস্টকে প্রশিক্ষণ দিয়েছেন। এ ছাড়া আইওয়ায় প্রতিবছর অনুষ্ঠিত শীতকালীন একটি প্রতিযোগিতার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে শত শত জিমন্যাস্ট অংশ নিতেন। ওই প্রশিক্ষণকেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিলেন খ্যাতিমান কোচ লিয়াং ‘চৌ’ কিয়াও, যিনি অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদ তৈরির জন্য পরিচিত।
গার্ডনারের বিরুদ্ধে অভিযোগের ঘটনায় যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকস কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কয়েকজন নারীর আইনজীবীর অভিযোগ, ২০১৭ সালেই যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকস সংস্থা এবং ক্রীড়াঙ্গনে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা সংস্থাকে গার্ডনারের অনুপযুক্ত আচরণ সম্পর্কে জানানো হয়েছিল। কিন্তু তাকে খেলাধুলার অঙ্গন থেকে সরিয়ে দিতে যথাসময়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
২০২২ সালে এক জিমন্যাস্ট যৌন নিপীড়নের (ধর্ষণ) অভিযোগ তোলার পর নিরাপত্তাসংক্রান্ত সংস্থাটি গার্ডনারকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। একই বছর চৌ’স জিমন্যাস্টিকস কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বরখাস্ত করে।
নিরাপত্তাসংক্রান্ত সংস্থাটি জানিয়েছে, তদন্তে তারা জানতে পারে, চৌ এবং অন্য কয়েকজন কোচ গার্ডনারের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ সম্পর্কে জানতেন। কিন্তু নীতিমালা অনুযায়ী তা সংস্থাটিকে জানাননি।
গার্ডনারের বিরুদ্ধে অভিযোগ যথাযথভাবে তদন্ত না করার দাবিতে করা দুটি মামলায় মে মাসে ওই নিরাপত্তাসংক্রান্ত সংস্থাকে পক্ষ হিসেবে বাদ দেন একজন বিচারক। তার পর্যবেক্ষণ ছিল, ফেডারেল আইনের আওতায় সংস্থাটি দায়মুক্তির অধিকারী।
তবে গার্ডনার, যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকস সংস্থা এবং চৌ’স জিমন্যাস্টিকসের বিরুদ্ধে করা আরও কয়েকটি দেওয়ানি মামলা এখনো বিচারাধীন রয়েছে।
সূত্র: এপি
আরটিভি/জেএমএ


