ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আসছে শীত হবে উষ্ণ ও বৃষ্টিবহুল, তুষারপাত কমবে উত্তরে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪১ এএম
এল নিনোর প্রভাবে যুক্তরাষ্ট্রে এবারের শীত তুলনামূলক উষ্ণ ও বৃষ্টিবহুল হতে পারে; উত্তরাঞ্চলে তুষারপাত কমলেও দক্ষিণের কিছু এলাকায় তা বাড়ার সম্ভাবনা রয়েছে। ছবি: সংগৃহীত

এবার শীতে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণতা ও বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরের অঞ্চলগুলোতে তুষারপাত কম হওয়ার আশঙ্কা রয়েছে। বিপরীতে, দেশটির দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি তুষারপাত হতে পারে। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বৃদ্ধির প্রাকৃতিক ঘটনা এল নিনোর প্রভাবে এমন আবহাওয়া তৈরি হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পূর্বাভাস সংস্থা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত সংস্থাটির শীতকালীন পূর্বাভাসে বলা হয়েছে, এল নিনোর প্রভাবে আবহাওয়ার ধরনে পরিবর্তন আসতে পারে। এতে বৃষ্টিপাত বাড়ার পাশাপাশি তাপমাত্রাও বেশি থাকতে পারে। ফলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দীর্ঘদিনের খরা কমার সুযোগ তৈরি হতে পারে। তবে যারা উত্তরের এলাকায় তুষারপাতের অপেক্ষায় থাকেন, তাদের জন্য এবারের শীত হতাশাজনক হতে পারে।

আবহাওয়া কোম্পানির আবহাওয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জেমস বেলাঞ্জার বলেন, এবারের শীতে উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশা অনুযায়ী তুষারপাত পাওয়া কঠিন হতে পারে।

এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট কিছু অংশের পানির তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক ঘটনা। এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে। তবে শক্তিশালী এল নিনোর সময় কিছু অঞ্চলে আবহাওয়ার পরিবর্তনের ধরন তুলনামূলকভাবে অনুমান করা সহজ হয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মানুষের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত ৫০ বছরে দেশটির শীতকালীন তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি বেড়েছে।

দক্ষিণে বাড়তে পারে তুষারপাত

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পূর্বাভাস সংস্থা মৌসুমি তুষারপাতের নির্দিষ্ট পরিমাণ জানায় না। তবে তাদের আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, দেশটির উত্তর-পূর্বাঞ্চল, বৃহৎ হ্রদ অঞ্চল, মধ্য-পশ্চিমের উত্তরাংশ এবং উত্তরাঞ্চলীয় রকি পর্বতমালায় স্বাভাবিকের চেয়ে কম তুষারপাত হতে পারে।

অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় রকি পর্বতমালা, দক্ষিণ-পূর্বের কিছু এলাকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক কেন গ্রাহাম বলেন, শীতকালে তুষারপাত বা তুষারঝড় একেবারে হবে না, এমন নয়। তবে সামগ্রিক পূর্বাভাসে তুষারপাতের ঝুঁকি পুরোপুরি বাদ দেওয়া হয়নি।

বেসরকারি আবহাওয়া পূর্বাভাসদাতা প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাসেও উত্তরাঞ্চলে তুষারপাত কম হওয়ার ইঙ্গিত রয়েছে। অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, সল্টলেক সিটি ছাড়া বড় শহরগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোনো এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি তুষারপাতের সম্ভাবনা নেই। শিকাগো, বোস্টন, নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ায় স্বাভাবিকের প্রায় অর্ধেক বা তারও কম তুষারপাত হতে পারে।

বড়দিনে তুষারে ঢাকা দৃশ্য দেখতে চাইলে দক্ষিণাঞ্চলীয় রকি পর্বতমালায় যাওয়ার পরামর্শ দিয়েছেন জেমস বেলাঞ্জার। তাঁর মতে, অন্য অনেক এলাকায় ডিসেম্বরের শেষ দিকে তুষারহীন দৃশ্য দেখা যেতে পারে।

৪১ অঙ্গরাজ্যে বাড়তে পারে তাপমাত্রা

পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিম্নাঞ্চলীয় ৪৮টি অঙ্গরাজ্যের মধ্যে ৪১টির পুরোটা বা কোনো কোনো অংশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে। কোনো অঙ্গরাজ্য বা তার কোনো অংশে স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়নি।

ফ্লোরিডা, লুইজিয়ানা, দক্ষিণ জর্জিয়া, আলাবামা ও মিসিসিপিতে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। অন্যদিকে, টেক্সাস, নিউ মেক্সিকো, অ্যারিজোনা, ইউটা, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, নেভাদা, ওয়াইওমিং, ওকলাহোমার পশ্চিমাঞ্চল, কানসাস ও নেব্রাস্কায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, কম অথবা স্বাভাবিক—যেকোনোটি হওয়ার সমান সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে, এবারের শীতে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ এলাকায় উষ্ণ আবহাওয়া ও বেশি আর্দ্রতা দেখা যেতে পারে। তবে অঞ্চলভেদে তুষারপাতের চিত্র ভিন্ন হবে। পশ্চিমাঞ্চলের খরা কমার সম্ভাবনা থাকলেও উত্তরাঞ্চলের তুষারপ্রেমীদের প্রত্যাশা পূরণ নাও হতে পারে।

সূত্র: এনবিসি নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র
ষষ্ঠ প্রজন্মের এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমান পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই চালকবিহীন যুদ্ধবিমান বা ‘কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট’ (সিসিএ) যুক্ত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এর মাধ্যমে বর্তমান চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সঙ্গে সমন্বয় করে ড্রোন পরিচালনার পরিকল্পনা করছে দেশটি। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি উইলিয়াম টোটি সিনেটের এক শুনানিতে এ পরিকল্পনার কথা জানান। সিসিএ প্রযুক্তির এসব চালকবিহীন যুদ্ধবিমান তুলনামূলক কম খরচে তৈরি করা হবে। প্রয়োজনে যুদ্ধে এগুলো হারানোর ঝুঁকি বিবেচনায় রেখেই নকশা করা হচ্ছে। বিমানবাহী রণতরির যুদ্ধক্ষমতা বাড়ানো, অভিযানের পরিধি বিস্তৃত করা এবং চালকসহ যুদ্ধবিমানের পাশাপাশি বিভিন্ন সামরিক দায়িত্ব পালনে সহায়তা করবে এসব উড়োজাহাজ। বর্তমানে পশ্চিমা বিশ্বে উন্নয়নাধীন দুটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের একটি হলো মার্কিন নৌবাহিনীর এফ/এ-এক্সএক্স। অন্যটি মার্কিন বিমানবাহিনীর এফ-৪৭। এফ/এ-এক্সএক্স এমনভাবে তৈরি করার পরিকল্পনা রয়েছে, যাতে এটি একাধিক চালকবিহীন যুদ্ধবিমান নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারে। ২০২৫ সালে ভবিষ্যতের বিমানবাহী রণতরিতে ব্যবহারের উপযোগী চালকবিহীন যুদ্ধবিমানের নকশা তৈরির কাজ শুরু করতে অ্যান্ডুরিল, বোয়িং, জেনারেল অ্যাটমিকস ও নর্থরপ গ্রুম্যানকে যুক্ত করে মার্কিন নৌবাহিনী। একই সঙ্গে এসব ড্রোন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে। এদিকে, বিমানবাহী রণতরিতে ব্যবহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রথম স্থির-পাখার চালকবিহীন উড়োজাহাজ হলো এমকিউ-২৫ স্টিংরে। তবে এটি মূলত আকাশে জ্বালানি সরবরাহের জন্য তৈরি। ফলে যুদ্ধ পরিচালনার উদ্দেশ্যে তৈরি সিসিএ প্রযুক্তির সঙ্গে এর মৌলিক পার্থক্য রয়েছে। চালকবিহীন উড়োজাহাজ পরিচালনায় নৌবাহিনী, বিমানবাহিনী ও মেরিন কোরের মধ্যে প্রযুক্তিগত সামঞ্জস্য তৈরির উদ্যোগও নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে একটি বাহিনীর চালকসহ যুদ্ধবিমান অন্য বাহিনীর চালকবিহীন যুদ্ধবিমানও নিয়ন্ত্রণ করতে পারবে। অন্যদিকে, গত সেপ্টেম্বরে এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতায় জয়ী হয় বোয়িং। এর আগে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিয়ে উদ্বেগ এবং বিমানবাহিনীর এফ-৪৭ প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতার কারণে কর্মসূচিটির কাজ স্থগিত রাখা হয়েছিল। পরে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপে প্রকল্পটি আবার এগিয়ে নেওয়া হয়। তবে এর বাস্তবায়নের সময়সূচি ও উৎপাদন সক্ষমতা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের আশা, ২০৩০-এর দশকের মাঝামাঝি সময়ে এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমানটি কার্যক্রমে যুক্ত করা সম্ভব হবে। তবে অতীতে মার্কিন প্রতিরক্ষা খাতের বিভিন্ন বড় প্রকল্পে দীর্ঘসূত্রতার নজির থাকায় নির্ধারিত সময়ে এটি বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে। এদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে চীন তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করার পর যুক্তরাষ্ট্রের এফ/এ-এক্সএক্স ও এফ-৪৭ কর্মসূচির গুরুত্ব আরও বেড়েছে। চীন ইতোমধ্যে এ ধরনের যুদ্ধবিমানের উড্ডয়ন পরীক্ষা শুরু করলেও যুক্তরাষ্ট্রের দুটি প্রকল্পের কোনোটিই এখনও প্রোটোটাইপের পরীক্ষামূলক উড্ডয়ন পর্যায়ে পৌঁছায়নি। এ অবস্থায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পাশাপাশি চালকবিহীন যুদ্ধবিমানকে বহরে যুক্ত করার মাধ্যমে সামরিক সক্ষমতায় এগিয়ে থাকার নতুন কৌশল গ্রহণ করছে যুক্তরাষ্ট্র। আরটিভি/এসকে
চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ
বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ
আন্তর্জাতিকভাবে ‘একঘরে’ হয়ে পড়ছে ইসরায়েল: ট্রাম্পের বিশেষ দূত
তিনি বলেছেন, ইসরায়েলের সামনে এখন দুটি পথ খোলা। এক. ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর সৃষ্ট পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে বিশ্বের সঙ্গে সম্পর্ক গভীর করা; দুই. বর্তমান পথ ধরে এগিয়ে গিয়ে বৈশ্বিকভাবে ‘একঘরে’ হয়ে পড়া।
আন্তর্জাতিকভাবে ‘একঘরে’ হয়ে পড়ছে ইসরায়েল: ট্রাম্পের বিশেষ দূত
৩৬ বছরের রেকর্ড ভেঙে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয়
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অন্তত ২৫৯টি আসন জিতে ৩৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটিক পার্টি।
৩৬ বছরের রেকর্ড ভেঙে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয়
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
আরও পড়ুন
চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
‘চাঁদের মাটিতে’ যেভাবে আলু চাষ সম্ভব হলো