ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

১৪৯ দিন হেঁটে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়ায়, পৌঁছাতেই চুরির শিকার যুবক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কের ব্রঙ্কস থেকে প্রায় ২ হাজার ৫০০ মাইল পথ পায়ে হেঁটে ক্যালিফোর্নিয়ায় পৌঁছেছিলেন চান্টজ রিভেরা। দীর্ঘ ১৪৯ দিনের এই যাত্রায় নিজের সব জিনিসপত্র একটি শপিং কার্টে করে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ২৯ বছর বয়সী এই তরুণ।

কিন্তু গন্তব্যে পৌঁছানোর পরপরই চুরির শিকার হন তিনি। সান ফ্রান্সিসকোর একটি ম্যাকডোনাল্ডস থেকে তাঁর ব্যাগসহ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যায়।ইতিহাস পড়ুন

সান ফ্রান্সিসকো স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ মে ব্রঙ্কস থেকে যাত্রা শুরু করেন রিভেরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য পেরিয়ে ২৬ অক্টোবর তিনি ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় পৌঁছান। পুরো পথ পাড়ি দিতে তার সময় লাগে ১৪৯ দিন।

যাত্রাপথে কখনো সড়কের পাশে তাঁবু খাটিয়ে রাত কাটিয়েছেন, কখনো অপরিচিত মানুষের আতিথেয়তা পেয়েছেন। প্রতিদিনের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে প্রকাশ করায় তাঁর অনুসারীর সংখ্যাও বাড়তে থাকে।

ক্যালিফোর্নিয়ায় পৌঁছানোর পরদিন তিনি ফিলমোর স্ট্রিট ও গোল্ডেন গেট অ্যাভিনিউয়ের কাছের একটি ম্যাকডোনাল্ডসে যান। সেখানে তার একটি ব্যাগ চুরি হয়। ব্যাগটিতে বহনযোগ্য চার্জারের পাশাপাশি মেমোরি কার্ড ও ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ছিল। প্রথমে বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত হননি রিভেরা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অসুস্থ ও ক্লান্ত থাকায় জিনিসপত্র হারানোর বিষয়টি তখন তাঁর কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হয়নি।

পরে বুঝতে পারেন, মেমোরি কার্ড ও ফ্ল্যাশ ড্রাইভে পুরো যাত্রার অনেক ছবি ও ভিডিও সংরক্ষিত ছিল। সান ফ্রান্সিসকো স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, ওই ভিডিওগুলো আর নতুন করে কেনা সম্ভব নয়। যাত্রাপথের অনেক অপ্রকাশিত দৃশ্যও সেখানে ছিল। তাই চার্জারের চেয়ে স্মৃতিগুলো হারানোই তাঁকে বেশি কষ্ট দিয়েছে।

এ ছাড়া ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে থাকাকালে উপহার পাওয়া এক জোড়া জুতাও হারান তিনি। শপিং কার্টটি কিছু সময়ের জন্য অরক্ষিত রেখে ফিরে এসে দেখেন, জুতাসহ কার্টটি আর সেখানে নেই। এ ঘটনায় নিজের অসতর্কতাকেও দায়ী করেছেন রিভেরা।

একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তি তাঁর জন্য হোটেল বুক করার কথা জানালেও সেখানে গিয়ে তিনি জানতে পারেন, কক্ষের জন্য অর্থ পরিশোধ করা হয়নি।

তবে ক্যালিফোর্নিয়ায় সব অভিজ্ঞতাই তার জন্য খারাপ ছিল না। সান ফ্রান্সিসকোর টিমব্রি হোটেলের একজন ব্যবস্থাপক তাঁকে বিনা মূল্যে দুই রাত থাকার ব্যবস্থা করে দেন। আরেক ব্যক্তি তাঁকে পিৎজা খাওয়ানোর পাশাপাশি শহরের জনপ্রিয় পর্যটন এলাকা টুইন পিকস ঘুরিয়ে দেখান। দীর্ঘ যাত্রার পর কিছুটা বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন রিভেরা।

যুক্তরাষ্ট্রজুড়ে এই পদযাত্রার সময় রিভেরা ১১টি অঙ্গরাজ্য পাড়ি দেন। যাত্রা শুরুর আগে তিনি মাত্র ২৫০ ডলার সঙ্গে নিয়েছিলেন। পরে মানুষের সহযোগিতায় তাঁর তহবিলে ১৩ হাজার ডলারের বেশি জমা পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর যাত্রার ভিডিওও ব্যাপক সাড়া পায়।

সান ফ্রান্সিসকোতে কয়েক দিন কাটিয়ে লস অ্যাঞ্জেলেস যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এরপর বিমানে করে নিউ ইয়র্কের ব্রঙ্কসে ফিরে যাওয়ার কথা।

সূত্র: সান ফ্রান্সিসকো স্ট্যান্ডার্ড, এনবিসি বে এরিয়া।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউ ইয়র্কে বাড়ি কেনার ক্ষেত্রে ম্যানহাটনের বদলে ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে কুইন্স
নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে বাড়ির দাম বেশি হওয়ায় বিকল্প আবাসনের খোঁজ করছেন অনেক ক্রেতা। তাদের পছন্দের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে কুইন্স।  তুলনামূলক কম দামে বড় বাসা পাওয়ার পাশাপাশি শহুরে জীবনযাপনের সুবিধা ধরে রাখতে পারায় ম্যানহাটন থেকে কুইন্সের দিকে আগ্রহ বাড়ছে বাড়ির ক্রেতাদের। Realtor.com-এর সাম্প্রতিক এক বিশ্লেষণে উঠে এসেছে এমন চিত্র। নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরো, ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কস ও স্ট্যাটেন আইল্যান্ডে বাড়ির বিজ্ঞাপনে অনলাইন অনুসন্ধানের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।  এতে দেখা গেছে, বরোগুলোর মধ্যে এক এলাকা থেকে অন্য এলাকায় বাড়ি খোঁজার ক্ষেত্রে কুইন্স পেয়েছে প্রায় ৩৬ শতাংশ অনলাইন অনুসন্ধান। কুইন্সের বাড়ির বিজ্ঞাপনে বাইরের বরো থেকে আসা আগ্রহের মধ্যে ম্যানহাটনের বাসিন্দাদের অংশই ৪৫ শতাংশের বেশি। বিশ্লেষণে আরও দেখা গেছে, ম্যানহাটনে বাড়ি খোঁজার ক্ষেত্রে নিজ বরোর মধ্যেই সীমাবদ্ধ থাকছেন মাত্র প্রায় ২০ শতাংশ অনুসন্ধানকারী। বাকি প্রায় ৮০ শতাংশ অনুসন্ধান অন্য বরোগুলোর বাড়ির বিজ্ঞাপনের দিকে যাচ্ছে। তবে এই পরিসংখ্যান অনলাইন অনুসন্ধানের ভিত্তিতে তৈরি। এর অর্থ এই নয় যে ম্যানহাটনের ৮০ শতাংশ বাসিন্দা ইতোমধ্যে অন্য এলাকায় চলে গেছেন বা বাড়ি কিনেছেন। নিজ নিজ বরোর বাড়ির বিজ্ঞাপনে আগ্রহ ধরে রাখার ক্ষেত্রে এগিয়ে রয়েছে স্ট্যাটেন আইল্যান্ড। সেখানে প্রায় ৮৭ শতাংশ অনলাইন অনুসন্ধান নিজ বরোর মধ্যেই সীমাবদ্ধ।  কুইন্সে এ হার ৭৬ দশমিক ৬ শতাংশ, ব্রঙ্কসে ৪৯ দশমিক ৩ শতাংশ এবং ব্রুকলিনে ৪২ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ম্যানহাটনের কম অনুসন্ধান ধরে রাখতে পারার পেছনে বাড়ির উচ্চমূল্যকে অন্যতম কারণ হিসেবে দেখছেন আবাসন খাতের বিশেষজ্ঞরা।শহর খুঁজুন বাড়ির দামের ব্যবধানেই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। Realtor.com-এর বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে ম্যানহাটনে বাড়ির বিজ্ঞাপনে মধ্যম চাওয়া দাম ছিল ১৩ লাখ ৯০ হাজার ডলার।  একই সময়ে কুইন্সে এই দাম ছিল ৬ লাখ ৫০ হাজার ডলার, যা ম্যানহাটনের অর্ধেকেরও কম। ব্রুকলিনে মধ্যম চাওয়া দাম ছিল ৭ লাখ ৯৫ হাজার ডলার, স্ট্যাটেন আইল্যান্ডে ৬ লাখ ৯৯ হাজার ৯০০ ডলার এবং ব্রঙ্কসে ৩ লাখ ২৯ হাজার ডলার। কুইন্সের আবাসন বাজারে আগ্রহ বাড়ার আরেকটি কারণ সেখানে বাড়ির তুলনামূলক বেশি সরবরাহ। ২০২৬ সালের আগস্টে বরোটিতে বিক্রির জন্য সক্রিয় বাড়ির সংখ্যা ছিল ৪ হাজার ৩৪০টি। বিপরীতে ব্রঙ্কসে ছিল মাত্র ১ হাজার ৪২টি।  Realtor.com-এর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জিয়াই জুয়ের মতে, ব্রঙ্কসে দাম তুলনামূলক কম হলেও কুইন্সে বাড়ির বিকল্প বেশি থাকায় ক্রেতারা নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী বাসা বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। ম্যানহাটন থেকে কুইন্সে আসা ক্রেতাদের বড় অংশই তুলনামূলক বড় জায়গা ও আধুনিক সুযোগ-সুবিধা চান। কুইন্স হোম টিমের আবাসন প্রতিনিধি জেরালডিনে গিরালদো Realtor.com-কে জানান, তার অভিজ্ঞতায় তরুণ দম্পতি এবং দীর্ঘদিন ধরে ভাড়াবাসায় থাকা ব্যক্তিদের মধ্যে কুইন্সে বাড়ি কেনার আগ্রহ বেশি। তাঁদের অনেকেই অন্তত ৮৫০ বর্গফুটের বাসা খুঁজছেন। বিশেষ করে দুই শয়নকক্ষের অ্যাপার্টমেন্ট তাঁদের পছন্দের তালিকায় রয়েছে। কুইন্সের লং আইল্যান্ড সিটি, অ্যাস্টোরিয়া ও বেসাইড ম্যানহাটন থেকে আসা ক্রেতাদের কাছে জনপ্রিয়। এসব এলাকায় গণপরিবহনের যোগাযোগ, খাবারের বৈচিত্র্য এবং শহুরে পরিবেশের কারণে আগ্রহ বাড়ছে।  এ ছাড়া সানিসাইড ও উডসাইড এলাকাতেও বাড়ির সরবরাহ বাড়ায় ক্রেতাদের নজর পড়ছে। আবাসন প্রতিনিধি আন্দ্রেস পুলি মনে করেন, এসব এলাকায় ম্যানহাটনের মতো নাগরিক সুবিধা পাওয়া যায়, আবার তুলনামূলক বেশি ব্যক্তিগত পরিসরও মেলে। কুইন্সে ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে নতুন নির্মিত কনডোমিনিয়াম বা ব্যক্তিমালিকানাধীন অ্যাপার্টমেন্ট। তবে কেউ কেউ বড় পরিবারের জন্য একক বাড়ি কিনছেন।  আবার কয়েকটি পরিবারের একসঙ্গে বসবাস কিংবা বাড়ির একটি অংশ ভাড়া দিয়ে ঋণের খরচ সামলানোর উদ্দেশ্যে বহুতল আবাসনও কিনছেন অনেকে। তরুণ ও প্রথমবার বাড়ি কিনতে আগ্রহীদের মধ্যে তুলনামূলক কম দামের কো-অপারেটিভ অ্যাপার্টমেন্টের প্রতিও আগ্রহ রয়েছে।শহর খুঁজুন এদিকে কুইন্সের সানিসাইড এলাকায় আবাসন উন্নয়নের একটি বড় পরিকল্পনাও রয়েছে। মেয়র জোহরান মামদানি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় উঠে এসেছে সানিসাইড ইয়ার্ডের ওপর অবকাঠামো নির্মাণ করে সেখানে প্রায় ১২ হাজার সাশ্রয়ী মূল্যের আবাসন তৈরির প্রস্তাব।  প্রকল্পটির জন্য ২১ বিলিয়ন ডলারের বেশি কেন্দ্রীয় তহবিল চেয়েছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। পরিকল্পনা বাস্তবায়িত হলে নতুন আবাসনের পাশাপাশি প্রায় ৩০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে মেয়র কার্যালয় জানিয়েছে। তবে অর্থায়ন, প্রয়োজনীয় অনুমোদন ও পরিকল্পনা বাস্তবায়নের বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। সব মিলিয়ে বাড়ির উচ্চমূল্য, তুলনামূলক বেশি আবাসন সরবরাহ এবং ম্যানহাটনের সঙ্গে ভালো যোগাযোগের কারণে কুইন্স নিউ ইয়র্ক সিটির বাড়ির ক্রেতাদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে। Realtor.com-এর বিশ্লেষণ বলছে, শহরের ভেতরেই তুলনামূলক সাশ্রয়ী আবাসন খুঁজছেন এমন ক্রেতাদের কাছে আপাতত সবচেয়ে জনপ্রিয় গন্তব্য কুইন্স। আরটিভি/এসআর
নিউ ইয়র্কে বাড়ি কেনার ক্ষেত্রে ম্যানহাটনের বদলে ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে কুইন্স
জানুয়ারি থেকে আমেরিকায় বাড়তি ভাতা, কারা পাবেন মাসে আরও ৭৫ ডলার
যুক্তরাষ্ট্রে অবসরভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা সুবিধা গ্রহণকারী মানুষের জন্য নতুন বছরের ভাতা বৃদ্ধির ঘোষণা এসেছে। ২০২৭ সালে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে সামাজিক নিরাপত্তা ভাতা ৩.৬ শতাংশ বাড়ানোর কথা জানানো হয়েছে। ঘোষিত হার কার্যকর হলে অবসরপ্রাপ্ত কর্মীরা গড়ে প্রতি মাসে প্রায় ৭৫ ডলার বেশি পেতে পারেন।মানচিত্র দেখুন সামাজিক নিরাপত্তা প্রশাসনের ঘোষণার ভিত্তিতে এই বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। তবে প্রত্যেক সুবিধাভোগী সমান অঙ্কের বাড়তি অর্থ পাবেন না। কারও বর্তমান ভাতার পরিমাণ বেশি হলে বাড়তি অর্থও তুলনামূলক বেশি হতে পারে। আবার স্বাস্থ্যবিমার প্রিমিয়াম বা অন্যান্য কর্তন থাকলে হাতে পাওয়া অর্থের পরিমাণ ভিন্ন হতে পারে।  অবসরভাতা ও প্রতিবন্ধিতাজনিত সামাজিক নিরাপত্তা সুবিধার নতুন অঙ্ক ২০২৭ সালের জানুয়ারির অর্থপ্রদানে কার্যকর হবে। অন্যদিকে সম্পূরক নিরাপত্তা আয় কর্মসূচির সুবিধাভোগীরা জানুয়ারির অর্থ আগাম ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পেতে পারেন। তাই ডিসেম্বরের শেষ দিকে অ্যাকাউন্টে অর্থ জমা হলে সেটি কোন মাসের জন্য দেওয়া হয়েছে, তা বিজ্ঞপ্তি দেখে নিশ্চিত হওয়া জরুরি। একক ব্যক্তি ও দম্পতির জন্য সর্বোচ্চ সহায়তাঘোষিত হিসাব অনুযায়ী, সম্পূরক নিরাপত্তা আয় কর্মসূচিতে যোগ্য একক ব্যক্তির সর্বোচ্চ মাসিক ফেডারেল সহায়তা ১ হাজার ২৯ ডলার এবং যোগ্য দম্পতির জন্য ১ হাজার ৫৪৪ ডলার হতে পারে। এগুলো সর্বোচ্চ নির্ধারিত অঙ্ক; প্রত্যেকের প্রকৃত প্রাপ্য অর্থ নয়। আয়, সম্পদ, পারিবারিক অবস্থা এবং অন্যান্য নিয়মের ভিত্তিতে প্রকৃত অর্থ কম হতে পারে। সুবিধাভোগীরা সামাজিক নিরাপত্তা প্রশাসনের অনলাইন হিসাবের মাধ্যমে নতুন ভাতার বিজ্ঞপ্তি দেখতে পারবেন। অনলাইনে বিজ্ঞপ্তি না পেলে ডাকযোগে পাঠানো চিঠিও যাচাই করতে হবে। বিজ্ঞপ্তিতে নতুন ভাতার পরিমাণ এবং প্রযোজ্য কর্তনের তথ্য উল্লেখ থাকবে। জীবনযাত্রার ব্যয় সমন্বয়ের উদ্দেশ্য হলো মূল্যস্ফীতির কারণে সুবিধাভোগীদের ক্রয়ক্ষমতার ওপর পড়া চাপ কিছুটা কমানো। তবে ভাতা বাড়লেও বাড়িভাড়া, খাবার, চিকিৎসা এবং স্বাস্থ্যবিমার খরচ বেড়ে গেলে পরিবারের আর্থিক চাপ পুরোপুরি কমবে, এমন নিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত অবসরপ্রাপ্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের জন্য নতুন ভাতার বিজ্ঞপ্তি যাচাই করা গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট ব্যক্তির প্রাপ্য অর্থ জানতে সরকারি হিসাব ও ব্যক্তিগত বিজ্ঞপ্তির ওপর নির্ভর করা উচিত। আরটিভি/এসআর
জানুয়ারি থেকে আমেরিকায় বাড়তি ভাতা, কারা পাবেন মাসে আরও ৭৫ ডলার
আইসক্রিম খেয়ে ফেলায় দুই ভাড়াটিয়াকে হত্যা করলেন বৃদ্ধ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আইসক্রিম খাওয়া নিয়ে বিরোধের জেরে দুই ভাড়াটিয়াকে গুলি করে হত্যার অভিযোগে মার্ক লিন রবিনসন (৬৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইসক্রিম খেয়ে ফেলায় দুই ভাড়াটিয়াকে হত্যা করলেন বৃদ্ধ
জন্ম কারাগারে, সংগ্রাম ও মেধায় মাত্র ১৮ বছর বয়সেই হার্ভার্ড জয় তরুণীর
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি কারাগারে জন্ম নেওয়া অরোরা স্কাই কাস্টনার মাত্র ১৮ বছর বয়সেই সংগ্রাম, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পান।
জন্ম কারাগারে, সংগ্রাম ও মেধায় মাত্র ১৮ বছর বয়সেই হার্ভার্ড জয় তরুণীর
ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র!
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিনই অর্থাৎ আগামী ৪ নভেম্বরের মধ্যে ইরানে নতুন করে হামলা চালাতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ জন্য উপসাগরীয় মিত্র দেশগুলোকে প্রস্তুতি নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তিনজন জ্যেষ্ঠ উপসাগরীয় আরব কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম এমএস নাও।  এ বিষয়ে আলোচনার সঙ্গে অবগত কর্মকর্তাদের ধারণা, সম্ভাব্য হামলা হবে স্বল্পস্থায়ী, তবে তীব্র। এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে। এক কর্মকর্তা বলেছেন, কিছু উপসাগরীয় দেশ তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর বিরোধিতা করলেও তিনি অবাক হবেন না। গত ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানে আর কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিশ্রুতি দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার আগে ইরানে নতুন করে হামলা চালানো হবে না। তবে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এমএস নাওকে বলেন, ‘যেসব সংবেদনশীল সামরিক পরিকল্পনা থাকতে পারে বা নাও থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা মন্তব্য করি না।’ ওই কর্মকর্তা আরও বলেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রেখেছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল আরটিভি/এসআর
ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র!
আরও পড়ুন
২৫ বছর পর নিউ ইয়র্কের প্রবীণ সেবাকেন্দ্র চালু করলেন মেয়র মামদানি
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে আদালতের নতুন নির্দেশ
উত্তাল প্রশান্ত মহাসাগরে ঝাঁপিয়ে ১৬ জনকে বাঁচালেন ২৪ বছরের উদ্ধারকর্মী
৩ নারীকে ধর্ষণে দণ্ডিত, ২০ বছরেই মুক্তি—ক্ষুব্ধ ক্যালিফোর্নিয়ার মেয়র