
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ২০ হাজারের বেশি ডাকযোগে দেওয়া ভোট গণনা বন্ধের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এসব ভোটারের মধ্যে অ-মার্কিন নাগরিক রয়েছেন—এমন অভিযোগ তুলে ভোটগুলো আটকে দিতে চেয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে এ উদ্যোগ নেয় মার্কিন বিচার বিভাগ। তাদের দাবি, ক্যালিফোর্নিয়ার ভোটার তালিকায় থাকা অ-মার্কিন নাগরিকদের একটি তালিকা তাদের কাছে রয়েছে। তবে এ অভিযোগের ভিত্তিতে করা ট্রাম্প প্রশাসনের আগের মামলাও খারিজ করেছিলেন ক্যালিফোর্নিয়ার একটি আদালত।
সোমবার (২ নভেম্বর) সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করে ট্রাম্প প্রশাসন। এতে ভোটারদের নাগরিকত্ব যাচাই না হওয়া পর্যন্ত সন্দেহভাজন ভোটগুলো বৈধ ভোটের সঙ্গে গণনা না করার নির্দেশ চাওয়া হয়। তবে আবেদন জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্ট ভোট গণনা বন্ধ করতে অস্বীকৃতি জানায়।
এদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের তৈরি করা ভোটার তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, এতে হাজারো বৈধ মার্কিন নাগরিকের নামও রয়েছে। ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের দাবি, অ-মার্কিন নাগরিক শনাক্ত করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ব্যবহৃত পদ্ধতিতে ভুল থাকার আশঙ্কা রয়েছে।
এর আগে মামলাটি খারিজ করে বিচারক ডেভিড কার্টার সতর্ক করেছিলেন, প্রমাণ ছাড়া ভোট নিয়ে প্রশ্ন তোলা হলে নির্বাচনী প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমবে।
এদিকে নির্বাচনে ভোটারদের ভয় দেখানো বা ভোটপ্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ জানাতে আইন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক দল ও বিশেষ সহায়তা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।
সূত্র: ডিডাব্লিউ
আরটিভি/জেএমএ


