
ফ্রান্সের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনিউজ বন্ধের দাবিতে করা আবেদনে পাঁচ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। অভিবাসন ও অপরাধ নিয়ে চ্যানেলটির প্রচারিত খবরের ধরন বর্ণবাদী মনোভাব উসকে দিচ্ছে—এমন অভিযোগের পর আবেদনটিতে সমর্থন বেড়েছে।
গত জুনে চ্যানেলটি বন্ধের দাবিতে আবেদনটি শুরু হয়। তবে গত ২৩ অক্টোবর প্যারিসের উপকণ্ঠে কঙ্গো বংশোদ্ভূত এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে বর্ণবাদী হামলায় হত্যার পর এতে স্বাক্ষরের সংখ্যা দ্রুত বাড়ে।
এ ঘটনায় ৩৯ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তদন্তসংশ্লিষ্ট আইনজীবীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি মুসলিম, আফ্রিকান বা উত্তর আফ্রিকান বলে মনে হওয়া মানুষদের লক্ষ্যবস্তু করেছিলেন। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি সিএনিউজের নিয়মিত দর্শক ছিলেন।
সমালোচকদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের আদলে পরিচালিত সিএনিউজে অভিবাসনবিরোধী বক্তব্য ও উগ্র ডানপন্থী মতাদর্শকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়। চ্যানেলটির মালিক ফ্রান্সের ধনকুবের ভিনসেন্ট বোলোরে।
আবেদনে সিএনিউজকে সংবাদমাধ্যমের বদলে ‘প্রচারযন্ত্র’ হিসেবে উল্লেখ করে ফ্রান্সের সম্প্রচারমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। দেশটির দুই পরিবেশবাদী আইনপ্রণেতাও বর্ণবাদী বিদ্বেষ ঠেকাতে চ্যানেলটির সম্প্রচার অনুমোদন বাতিলের আহ্বান জানিয়েছেন।
তবে সিএনিউজের দাবি, তারা উগ্র ডানপন্থী মতাদর্শ বা বর্ণবাদী বক্তব্য প্রচার করে না; বরং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করে। আবেদনটিকে রাজনৈতিক দাবি উল্লেখ করে এ বিষয়ে মন্তব্য করতেও রাজি হয়নি চ্যানেলটি।
ফ্রান্সের জাতীয় পরিষদের নিয়ম অনুযায়ী, কোনো আবেদনে পাঁচ লাখ স্বাক্ষর জমা পড়লে সংসদে এ বিষয়ে জনআলোচনার আয়োজন করা যেতে পারে। তবে সে ক্ষেত্রে আগে সংসদীয় কমিশনকে আবেদনটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
সূত্র: ডিডাব্লিউ
আরটিভি/জেএমএ



