
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৩০ বছরেরও বেশি সময় পর হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা ঘটেছে। চলমান প্রাদুর্ভাবের মধ্যে লুইস কাউন্টিতে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ।
সোমবার (২ নভেম্বর) নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ ও লুইস কাউন্টির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ যৌথ বিবৃতিতে শিশুটির মৃত্যুর খবর জানায়। তবে শিশুটির পরিচয় বা মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউইয়র্কে চলতি বছরের ২৪ অক্টোবর পর্যন্ত ১৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে আটজন নিউইয়র্ক শহরের বাসিন্দা। পরিস্থিতি মোকাবিলায় প্রায় এক মাস আগে অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্নর ক্যাথি হোকুল।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটিতে ৪ হাজার ৮০০-এর বেশি মানুষের হাম শনাক্ত হয়েছে। ১৯৯১ সালের পর এটিই দেশটিতে হামের সর্বোচ্চ সংক্রমণ। চলতি বছরের অন্তত ৯৬ শতাংশ আক্রান্ত ব্যক্তি টিকা নেননি অথবা তাদের টিকা নেওয়ার তথ্য নিশ্চিত নয়।
হামের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে কাশি, নাক দিয়ে পানি পড়া, জ্বর এবং চোখ লাল হয়ে পানি পড়া। পরে মুখের ভেতরে ছোট সাদা দাগ ও শরীরে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু হয়ে ফুসকুড়ি ধীরে ধীরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।
হাম প্রতিরোধে শিশুদের দুই ডোজ এমএমআর টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। সংস্থাটির তথ্য অনুযায়ী, এক ডোজ টিকা হাম প্রতিরোধে ৯৩ শতাংশ এবং দুই ডোজ ৯৭ শতাংশ কার্যকর।
সূত্র: এবিসি নিউজ
আরটিভি/জেএমএ


