
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রয় কুপার।
বুধবারের (৪ নভেম্বর) গণমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী, রিপাবলিকান পার্টির প্রার্থী মাইকেল হোয়াটলিকে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। মাইকেল হোয়াটলির প্রাপ্ত ভোট- ১৪ লাখ ৩০ হাজার ১২৯ এবং ভোটের হার- ৩৯ দশমিক ১ শতাংশ। অন্যদিকে, কুপারের প্রাপ্ত ভোট- ২১ লাখ ৪৭ হাজার ৫৫৬ এবং ভোটের হার- ৫৮ দশমিক ৮ শতাংশ। এই জয়ের ফলে সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে ডেমোক্র্যাটদের অবস্থান আরও শক্তিশালী হলো।
৬৯ বছর বয়সী রয় কুপার উত্তর ক্যারোলাইনার সাবেক দুই মেয়াদের গভর্নর। ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি অঙ্গরাজ্যটির গভর্নরের দায়িত্ব পালন করেন। নির্বাচনী প্রচারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানির উচ্চমূল্য কমানোর প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে ব্যয় কমানোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের সমালোচনা করেন।
অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলির পক্ষে প্রচার চালিয়েছিলেন ট্রাম্প। তবে শেষ পর্যন্ত তার সমর্থিত প্রার্থীকে হারিয়ে জয় পান কুপার। নতুন এই মেয়াদে তিনি অবসর নিতে যাওয়া রিপাবলিকান সিনেটর থম টিলিসের স্থলাভিষিক্ত হবেন।
যুক্তরাষ্ট্রের দুই কক্ষবিশিষ্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে লড়ছে ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্রেটিক পার্টি। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে। সিনেটের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে অন্তত ৫১টি আসন নিশ্চিত করতে হবে।
আরটিভি/জেএমএ


