
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান সিনেটর জন ওসফ। রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, ৮৭ শতাংশ ভোট গণনা শেষে জন ওসফ পেয়েছেন ৫৮ দশমিক ৭৭ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাইক কলিন্স পেয়েছেন ৪১ দশমিক ২৩ শতাংশ ভোট। এদিকে, জন ওসফকে বিজয়ী ঘোষণা করেছে এপি।
নির্বাচনী প্রচারে জীবনযাত্রার বাড়তি ব্যয়কে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেন জন ওসফ। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেন তিনি। অন্যদিকে কলিন্স জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেন এবং ইরানে ট্রাম্পের যুদ্ধনীতির প্রতি সমর্থন জানান।
জর্জিয়া অঙ্গরাজ্যটি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করেছিল। ফলে সেখানে জন ওসফের জয় ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
বিজয়ের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জন ওসফ বলেন, যুক্তরাষ্ট্রের সংকট এখনো কাটেনি। তাই সামনে আরও গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। তিনি সাধারণ মানুষের অর্থনৈতিক দুরবস্থা, বড় ওষুধ কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান এবং হোয়াইট হাউসের কথিত দুর্নীতি নিয়েও কথা বলেন।
এই জয়কে কেন্দ্র করে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জন ওসফের সম্ভাব্য প্রার্থিতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এর আগে একাধিকবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ নেই বলে জানিয়েছেন তিনি।
সূত্র: এনবিসি নিউজ, বিবিসি
আরটিভি/জেএমএ


