
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছে ডেমোক্র্যাট প্রার্থী ডা. অ্যামি অ্যাক্টন। এর মধ্য দিয়ে অঙ্গরাজ্যটির প্রথম নারী গভর্নর হলেন তিনি। একইসঙ্গে ২০০৬ সালে টেড স্ট্রিকল্যান্ড জয়ী হওয়ার পর এই প্রথম ওহাইও অঙ্গরাজ্য একজন ডেমোক্র্যাট গভর্নরকে নির্বাচিত করল।
বুধবার (৪ নভেম্বর) এই তথ্য প্রকাশ করেছে মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)।
প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, ওহাইওর পরবর্তী গভর্নর হওয়ার লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী ড. অ্যামি অ্যাক্টন। তিনি বর্তমান রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইনের স্থলাভিষিক্ত হবেন, যিনি টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।
অ্যাক্টন পেশায় একজন চিকিৎসক এবং তিনি ওহাইও স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে বিবেক রামাস্বামী একজন প্রাক্তন উদ্যোক্তা। তিনি ২০২৪ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাই প্রক্রিয়ায় (প্রাইমারি) প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন এবং ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানান।
ভোটে জয়ী হওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যামি অ্যাক্টন বলেন, আজ রাতে ওহাইও বিভাজন ও ঘৃণার পরিবর্তে ঐক্য ও শালীনতাকে বেছে নিয়েছে। ওহাইও এমন একজন গভর্নর পাওয়ার জন্য প্রস্তুত, যিনি জীবনযাত্রার ব্যয় কমাতে লড়াই করবেন, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং এমন একটি অঙ্গরাজ্য গড়ে তুলবেন যেখানে প্রত্যেকে সমান সুযোগ পাবে।
ভোটারদের উদ্দেশে এই ডেমোক্র্যাট নেত্রী আরও বলেন, আপনি কাকে ভোট দিয়েছেন তা বড় কথা নয়, আমি ওহাইওর সকল মানুষের গভর্নর হিসেবে কাজ করব। এটি কোনো দলের বিষয় নয়; বরং আমাদের অঙ্গরাজ্যের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার বিষয়। ওহাইওর যে সকল মানুষ তাদের মতামত জানিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের গভর্নর হিসেবে সেবা করতে পারা হবে আমার জীবনের অন্যতম বড় সম্মান।
আরটিভি/এসএইচএম




