
নতুন বছরে স্বাস্থ্যবিমায় আর্থিক সহায়তার নিয়মে বড় পরিবর্তন এনেছে মার্কিন প্রশাসন। ইতোমধ্যে ২০২৭ সালের স্বাস্থ্যবিমার নিবন্ধন শুরু হয়েছে।
সূত্র থেকে জানা গেছে, আগামী বছরের স্বাস্থ্য বা চিকিৎসাসুরক্ষা নিশ্চিত করতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন পরিকল্পনা বেছে নিতে অথবা বর্তমান বিমা নবায়ন করতে হবে। তবে নতুন নিয়মে স্বাস্থ্যবিমার খরচ বৃদ্ধি এবং সরকারি আর্থিক সহায়তা পাওয়ার যোগ্যতার পরিবর্তনের কারণে অনেক পরিবারকে পরিকল্পনায় নতুন করে হিসাব-নিকাশ করতে হচ্ছে।
স্বাস্থ্যবিমার এই নিবন্ধন প্রক্রিয়া চলতি বছরের রোববার (১ নভেম্বর) শুরু হয়েছে। অধিকাংশ অঙ্গরাজ্যে ২০২৭ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। তবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বিমার সুবিধা পেতে চাইলে ১৫ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন বা পরিকল্পনা পরিবর্তন করতে হবে। ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করলে সাধারণত বিমার সুবিধা শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে।
স্বাস্থ্যবিমার খরচ নিয়েও নতুন হিসাব সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যনীতি নিয়ে গবেষণা করা সংস্থা কাইজার ফ্যামিলি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৭ সালে মূল বিবেচ্য রূপার স্তরের স্বাস্থ্যবিমার গড় মূল্য প্রায় ১৩ শতাংশ বাড়তে পারে। তবে এই হার সবার ক্ষেত্রে এক হবে না। অঙ্গরাজ্য, বয়স, আয়, পরিবারের সদস্যসংখ্যা, বিমার ধরন এবং সরকারি আর্থিক সহায়তার ওপর প্রকৃত খরচ নির্ভর করবে।
এবার অভিবাসীদের জন্য সরকারি আর্থিক সহায়তার নিয়মেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নির্দিষ্ট কিছু অভিবাসী শ্রেণি ছাড়া অন্য অনেক বৈধ অভিবাসী স্বাস্থ্যবিমা কিনতে পারলেও সরকারি ভর্তুকি পাওয়ার যোগ্যতা হারাতে পারেন। নতুন নিয়মে গ্রিন কার্ডধারী, নির্দিষ্ট কিউবান ও হাইতিয়ান অভিবাসী এবং নির্দিষ্ট প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নাগরিকেরা সহায়তার আওতায় থাকবেন। তবে শরণার্থী, আশ্রয়প্রাপ্ত ব্যক্তি এবং কাজের অনুমতিপ্রাপ্ত কিছু অভিবাসীর ক্ষেত্রে আগের মতো আর্থিক সহায়তা নাও পাওয়া যেতে পারে। তাই নিজের অভিবাসন অবস্থার ভিত্তিতে যোগ্যতা যাচাই করা জরুরি।
স্বাস্থ্যবিমা বাছাইয়ের সময় শুধু মাসিক খরচ দেখলেই হবে না। চিকিৎসকের কাছে যাওয়ার খরচ, হাসপাতালে ভর্তি হলে নিজের পকেট থেকে কত টাকা দিতে হবে, প্রয়োজনীয় ওষুধ বিমার আওতায় আছে কি না এবং পছন্দের চিকিৎসক বা হাসপাতাল পরিকল্পনার অন্তর্ভুক্ত কি না—এসব বিষয়ও যাচাই করতে হবে।
তাই যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জন্য ২০২৭ সালের স্বাস্থ্যবিমার নিয়ম, আবেদনের শেষ সময় এবং আর্থিক সহায়তার যোগ্যতা আগেভাগে যাচাই করা গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা বেছে নিলে চিকিৎসার ব্যয় নিয়ন্ত্রণে রাখা এবং পবিরাবের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সহজ হতে পারে।
আরটিভি/ এসকেডি




