
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে হামলাকারীর হাত থেকে মালিককে বাঁচাতে গিয়ে দুইবার গুলিবিদ্ধ হয়েছিল জুডাহ নামের একটি কুকুর। দুই বছর আগে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় ঘটনায় কুকুরটির প্রাণ বেঁচে গেলেও শরীরে রয়ে যাওয়া গুলির টুকরো এখন বিপজ্জনক হয়ে উঠেছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, কুকুর জুডাহর অস্ত্রোপচার প্রয়োজন। প্রিয় কুকুরটির চিকিৎসার খরচ জোগাতে মানুষের কাছে সাহায্য চেয়েছেন মালিক লরেন উইগিনস।
রোববার (৮ নভেম্বর) কেআইআরও ও সিএনএন নিউজসোর্সের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কুকুরটির মালিক লরেনের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে তিনি তার সাবেক সঙ্গীর সঙ্গে বসবাস করছিলেন। সম্পর্কের পরিস্থিতি খারাপ হওয়ায় পরিবারের সহায়তায় সেখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু জিনিসপত্র গুছিয়ে বের হওয়ার প্রস্তুতির সময় তার সাবেক সঙ্গী আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন।
লরেন জানান, হামলায় তার ডান পায়ে দুটি গুলি লাগে। এতে হাঁটুর নিচের অংশ অবশ হয়ে যায়। ভয়াবহ সেই মুহূর্তে তাকে রক্ষা করতে এগিয়ে আসে পোষা কুকুর জুডাহ। হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়লে কুকুরটির মাথা ও কাঁধে দুটি গুলি লাগে। গুলিবিদ্ধ জুডাহকে মাটিতে পড়ে থাকতে দেখে লরেন ভেবেছিলেন, তার প্রিয় কুকুরটি হয়তো আর বাঁচবে না। তিনি সাহায্যের জন্য ছুটে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানতে পারেন, জুডাহ তখনো জীবিত রয়েছে।
লরেন বলেন, জুডাহ শুধু তার পোষা কুকুর নয়, সবচেয়ে কাছের বন্ধু ও সব সময়ের সঙ্গী। তার ভাষায়, কুকুরটি নিজের জীবন বিপন্ন করে তাকে রক্ষা করেছিল। ঘটনার পর পশুচিকিৎসকেরা জুডাহর শরীরে থাকা গুলির টুকরোগুলো অপসারণ না করার সিদ্ধান্ত নেন। সে সময় অস্ত্রোপচার করে সেগুলো বের করার চেয়ে শরীরের ভেতরে রেখে দেওয়াই তুলনামূলক নিরাপদ মনে হয়েছিল। প্রায় দুই বছর জুডাহ মোটামুটি সুস্থ ছিল।
কিন্তু চলতি বছরের গ্রীষ্মে পরিস্থিতি বদলে যায়। লরেন লক্ষ্য করেন, জুডাহর মাথার মাঝখানের অংশ ফুলে উঠছে এবং সেখানে শক্ত একটি গুটি তৈরি হয়েছে। পরে পশুচিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায়, শরীরের ভেতরে থাকা গুলির টুকরোগুলো স্থান পরিবর্তন করছে। চিকিৎসকদের আশঙ্কা, টুকরোগুলো একসময় জুডাহর চোখের দিকেও চলে যেতে পারে। এ কারণে অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দিয়েছে। চিকিৎসার সর্বনিম্ন সম্ভাব্য ব্যয় প্রায় ১০ হাজার ডলার।
লরেন জানান, নিজের জীবন বাঁচাতে গিয়ে জুডাহকে এত কষ্ট পেতে হচ্ছে ভেবে তিনি অপরাধবোধে ভোগেন। কুকুরটির চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে শেষ পর্যন্ত অনলাইনে অর্থ সংগ্রহের উদ্যোগ নেন। জুডাহর চিকিৎসার জন্য তিনি গোফান্ডমিতে একটি তহবিল চালু করেন। সেখানে মানুষের সাড়া তার প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ৪১ হাজার ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়েছিল।
লরেনের ভাষ্য অনুযায়ী, হামলার পর আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করেও তিনি সফল হননি। এমন পরিস্থিতিতে অপরিচিত মানুষের সহায়তা তাকে আবেগাপ্লুত করেছে।
আরটিভি/ এসকেডি




