
ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধে চোখের গুরুতর সমস্যার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সংস্থাটি ওজেমপিক, ওয়েগোভি, মাউনজারো ও জেপবাউন্ডসহ সব ধরনের জিএলপি-১ শ্রেণির ওষুধের নির্দেশিকায় চোখের সম্ভাব্য ঝুঁকির তথ্য যুক্ত করার নির্দেশ দিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) এ সংক্রান্ত সতর্কতা জারি করে এফডিএ। সংস্থাটি জানিয়েছে, এসব ওষুধ ব্যবহারের সঙ্গে চোখের স্নায়ুর রক্তপ্রবাহ কমে যাওয়াজনিত এক ধরনের গুরুতর রোগের সম্ভাব্য সম্পর্ক রয়েছে। এতে হঠাৎ ব্যথাহীনভাবে দৃষ্টিশক্তি কমে যেতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
এফডিএ জানিয়েছে, ওষুধগুলোর পরীক্ষামূলক প্রয়োগ, প্রাণীর ওপর গবেষণা এবং বাজারে আসার পর পাওয়া বিভিন্ন তথ্য ও রোগীর অভিজ্ঞতা পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্কের দাবি, এখন পর্যন্ত পাওয়া তথ্য এসব ওষুধের সঙ্গে চোখের সমস্যার সরাসরি কারণগত সম্পর্ক প্রমাণ করে না। অন্যদিকে, এলি লিলির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এফডিএর নতুন নির্দেশনা পর্যালোচনা করছে।
এর আগে ২০২৫ সালে ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, সেমাগ্লুটাইডযুক্ত ওষুধ অন্তত এক বছর ব্যবহার করলে প্রতি ১০ হাজার মানুষের মধ্যে একজনের এই চোখের রোগ হতে পারে।
এছাড়া ২০২৫ সালে প্রকাশিত প্রায় ১ লাখ ৭৫ হাজার ডায়াবেটিস রোগীর ওপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, জিএলপি-১ শ্রেণির ওষুধ ব্যবহারের দুই বছর পর চোখের এ রোগের ঝুঁকি অন্য শ্রেণির ডায়াবেটিসের ওষুধ ব্যবহারকারীদের তুলনায় দ্বিগুণের বেশি হতে পারে।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ



