
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের (ASEAN) সম্মেলনে পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মিয়ানমারের সেনাসমর্থিত সরকার। জোটের সিদ্ধান্তকে ‘অন্যায্য ও ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছে দেশটি।
রোববার (২২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার (২১ নভেম্বর) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফিলিপাইনে ১৫ থেকে ১৭ নভেম্বর আসিয়ানের ৪৯তম সম্মেলনে নেওয়া সিদ্ধান্তে দেশটির ইতিবাচক পদক্ষেপগুলো যথাযথভাবে তুলে ধরা হয়নি। তাদের দাবি, আসিয়ানের বৈঠকে মিয়ানমারের মতামত উপেক্ষা করা হচ্ছে এবং সমান অধিকার ও পূর্ণ প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করা হচ্ছে।
এর আগে আসিয়ানের নেতারা জানিয়েছিলেন, মিয়ানমার সংকট সমাধানে পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে অগ্রগতি দেখালে দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ধীরে ধীরে ফিরিয়ে দেওয়া হতে পারে।
২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সংঘাতে এক লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন ৩৫ লাখের বেশি মানুষ।
উল্লেখ্য, আসিয়ান হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের একটি আঞ্চলিক জোট। এর পূর্ণ নাম ‘অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস’ (Association of Southeast Asian Nations-ASEAN) । অর্থাৎ দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা। জোটটির মূল লক্ষ্য আঞ্চলিক অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানো।
আরটিভি/জেএমএ


