
যুক্তরাষ্ট্রে বয়স্ক নাগরিকদের চিকিৎসা ব্যয় কমাতে আরও ১৩টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডিকেয়ার। এতে ওষুধগুলোর পেছনে সরকারের ব্যয় ৪৫ শতাংশ কমবে, সাশ্রয় হবে প্রায় ৯২০ কোটি ডলার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (২৩ নভেম্বর) মেডিকেয়ারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নতুন দাম ২০২৮ সাল থেকে কার্যকর হবে। তালিকায় রয়েছে গিলিয়াডের এইচআইভির ওষুধ বিকটারভি এবং এলি লিলির ডায়াবেটিসের ওষুধ ট্রুলিসিটি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিকটারভির দাম ৩৭ শতাংশ এবং ট্রুলিসিটির দাম ৮৪ শতাংশ কমবে। বাকি ওষুধগুলোর দাম কমবে ৩৪ থেকে ৮৪ শতাংশ পর্যন্ত।
এছাড়া তালিকায় রয়েছে নোভার্টিসের চর্মরোগ ও স্তন ক্যানসারের ওষুধ, তাকেদার অন্ত্রের রোগের ওষুধ এবং বিষণ্নতার চিকিৎসায় ব্যবহৃত রেক্সাল্টি। ২০২৫ সালে এসব ওষুধের পেছনে মেডিকেয়ারের মোট ব্যয় ছিল ২ হাজার ২৩ কোটি ডলার।
যুক্তরাষ্ট্রের ৬ কোটি ৭০ লাখের বেশি মানুষ মেডিকেয়ার কর্মসূচির আওতায় রয়েছেন। মূলত ৬৫ বছর বা তার বেশি বয়সীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে এই কর্মসূচি।
২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় প্রণীত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আইনের আওতায় ওষুধের দাম নিয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে দর-কষাকষির সুযোগ পায় মেডিকেয়ার। এটি সেই উদ্যোগের তৃতীয় দফার মূল্যহ্রাস।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ও মেডিকেয়ার বিভাগের প্রশাসক মেহমেত ওজ বলেন, সাধারণ মানুষের চিকিৎসার ব্যয় কমাতে ওষুধের ন্যায্য দাম নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।
আরটিভি/জেএমএ



