
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ওয়াতোনায় থ্যাংকসগিভিংয়ের দিন (থ্যাংকসগিভিং ডে) ভয়াবহ বিস্ফোরণে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কয়েকটি বাড়িও।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়ির জানালা ভেঙে যায় এবং দেয়াল ও ছাদে ফাটল ধরে। বিস্ফোরণের পর বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে বাড়ির মালিককে নিরাপদে পাওয়া গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে মিনেসোটা অঙ্গরাজ্যের অগ্নিনিরাপত্তা বিভাগ। পাশাপাশি আশপাশের বাড়িগুলোও পরীক্ষা করছেন দমকলকর্মীরা। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণস্থল এখনো জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ, তাই এলাকাটি এড়িয়ে চলতে হবে।
সূত্র: ফাইভ আইউইটনেস নিউজ
আরটিভি/জেএমএ


