
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় যাত্রীর হামলায় গুরুতর আহত উবার চালক মোহাম্মদ ইউসুফ দুই সপ্তাহ হাসপাতালে থাকার পর শনিবার (২৮ নভেম্বর) মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত ২৫ বছর বয়সী সামিত অপূর্ব প্যাটেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ বাড়ানোর কথা জানিয়েছে আইনজীবীরা।
আদালতের নথি অনুযায়ী, গত ১৪ নভেম্বর যাত্রীর কাছে নিজের নাম ‘মোহাম্মদ’ বলার পর চালকের ওপর হামলা হয়। অভিযুক্ত যাত্রী সিটবেল্ট দিয়ে তাকে শ্বাসরোধ করেন এবং গাড়ি দিয়ে চাপা দেন বলে অভিযোগ। পরে চালককে হাসপাতালে নেওয়া হয়। তার পাঁজর ও পা ভাঙাসহ মেরুদণ্ডে আঘাত, ফুসফুসে সমস্যা এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল।
প্রথমে প্যাটেলের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছিল। ইউসুফের মৃত্যুর পর তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার ইচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন হেনেপিন কাউন্টির আইনজীবী।
অভিযুক্ত প্যাটেল বুধবার (২৫ নভেম্বর) শর্তসাপেক্ষ জামিনে মুক্তি পান। আগামী ১২ ডিসেম্বর তার পরবর্তী আদালতে হাজিরার দিন ধার্য রয়েছে।
সূত্র: এবিসি নিউজ
আরটিভি/জেএমএ


