
প্রতিদিন নানা কাজে হাত বারবার পানির সংস্পর্শে আসে। এতে অনেকের নখ দুর্বল ও ভঙ্গুর হয়ে যেতে পারে। ফলে সামান্য চাপেই নখ ভেঙে যায়। এমন সমস্যায় ঘরোয়া উপায়ে নখের যত্ন নিতে ব্যবহার করা যেতে পারে চালধোয়া পানি।
ত্বক ও চুলের যত্নে চালধোয়া জল বেশ পরিচিত। তবে নিয়মিত ব্যবহার করলে এটি নখের যত্নেও সহায়ক হতে পারে। চালধোয়া পানি বা ভাতের ফ্যানে থাকা শ্বেতসার, অ্যামিনো অ্যাসিড, রোগ প্রতিরোধকারী উপাদান, বিভিন্ন খনিজ ও শর্করাজাতীয় উপাদান নখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে।
তবে একদিন ব্যবহার করলেই ফল মিলবে না। নিয়ম মেনে কিছুদিন ব্যবহার করার পর পরিবর্তন দেখা যেতে পারে।
যেভাবে ব্যবহার করবেন চালধোয়া পানি
প্রথমে আধা কাপ চাল একবার ধুয়ে সেই পানি ফেলে দিন, যাতে ধুলাবালি ও ময়লা সরে যায়। এরপর এক থেকে দুই কাপ জল একটি পাত্রে নিয়ে তাতে চাল ভিজিয়ে রাখুন।
প্রায় আধা ঘণ্টা পর পানি ঘোলাটে হয়ে এলে সেটি অন্য একটি পাত্রে ছেঁকে নিন। এবার সেই জলে নখ ১৫ থেকে ২০ মিনিট ডুবিয়ে রাখুন।
এরপর সঙ্গে সঙ্গে পরিষ্কার জলে হাত ধুয়ে ফেলবেন না। চালধোয়া জল হাতেই শুকাতে দিন। পরে জল দিয়ে হাত ধুয়ে নখ ও নখের চারপাশে নারকেল তেল বা নখের যত্নের তেল লাগিয়ে আর্দ্র রাখুন।
সপ্তাহে এক থেকে দুই দিন এভাবে নখের যত্ন নেওয়া যেতে পারে।
শুধু চালধোয়া পানি নয়, বদলাতে হবে কিছু অভ্যাসও
শুধু চালধোয়া পানি ব্যবহার করলেই নখ শক্ত হবে না। নখ ভালো রাখতে কয়েকটি অভ্যাস এড়িয়ে চলাও জরুরি।
নখ দিয়ে কৌটার ঢাকনা বা বাক্স খোলার চেষ্টা করবেন না। এতে নখে অতিরিক্ত চাপ পড়ে এবং সহজেই ভেঙে যেতে পারে।
নখের চারপাশ শুষ্ক হতে দেবেন না। নখের গোড়ার অংশ শুকিয়ে গেলে নখ দ্রুত ভঙ্গুর হয়ে যেতে পারে। তাই নিয়মিত তেল দিয়ে নখের চারপাশ আর্দ্র রাখুন।
নখের রং খুঁটে তুলবেন না। বারবার খুঁটে নখের রং তুললে নখের ক্ষতি হতে পারে এবং তা দুর্বল হয়ে যেতে পারে।
নখের যত্নে নিয়মিত পরিচর্যার পাশাপাশি এসব ছোট ছোট অভ্যাস বদলালেই বারবার নখ ভেঙে যাওয়ার সমস্যা অনেকটাই কমানো সম্ভব হতে পারে।
আরটিভি/জেএমএ


