
ভোলার চরফ্যাশনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ঢালে সরকারি জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন ২৬টি ভূমিহীন পরিবার। তবে ওই জমি নিজের নামে বন্দোবস্ত নেওয়া হয়েছে দাবি করে পরিবারগুলোর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক খন্দকার রেজাউল করিমের বিরুদ্ধে। শুধু টাকা আদায়ই নয়, দাবিকৃত টাকা না দিলে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে মনির হোসেন নামে এক ব্যক্তি চলতি বছরের ৩১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটি চিঠি ইস্যু করা হয়। অতিরিক্ত ডিআইজি (ক্রাইম রেঞ্জ) মো. জান্নাতুল হাসানের স্বাক্ষরিত ওই চিঠিতে অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে দক্ষিণ আইচা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, একসময় তারা বিভিন্ন এলাকায় বসবাস করতেন। নদীভাঙনে বসতভিটা বিলীন হয়ে যাওয়ায় প্রায় ১০ বছর আগে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় বেড়িবাঁধের ঢালে সরকারি জমিতে বসতি গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে সেখানেই বসবাস করছেন তারা। তবে ৫ আগস্টের পর থেকে খন্দকার রেজাউল করিম ওই পরিবারগুলোর কাছে টাকা দাবি ও আদায় শুরু করেন বলে অভিযোগ তাদের।
ভুক্তভোগীদের অভিযোগ, খন্দকার রেজাউল করিম দাবি করেন, তারা যে জমিতে বসবাস করছেন, সেটি তার নামে বন্দোবস্ত নেওয়া। এই দাবির ভিত্তিতে পরিবারগুলোর কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। এমনকি দাবিকৃত টাকা দিতে চাপ প্রয়োগের পাশাপাশি রাতের আঁধারে বাড়িতে গিয়ে নারীদের হুমকি-ধমকি দেওয়া হয়। দ্রুত টাকা পরিশোধ না করলে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এদিকে, ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে, টাকা আদায়, হুমকি-ধমকি ও চাপ প্রয়োগের ঘটনার একটি ভিডিও তারা সংরক্ষণ করে রেখেছেন। এসব ভিডিওতে টাকা নেওয়া এবং পরবর্তী সময়ে টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগের কথোপকথন ধারণ করা হয়েছে বলে তাদের দাবি।
তবে জমির বন্দোবস্ত নিয়ে পাওয়া তথ্যেও রয়েছে ভিন্ন চিত্র। ২০০৮ সালের ১১ মার্চ খন্দকার রেজাউল করিমের স্বাক্ষরিত একটি দরখাস্তে দেখা যায়, তিনি নিজেই জেলা প্রশাসক, ভোলার কাছে তার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে সৃজিত একটি কথিত ভুয়া বন্দোবস্ত বাতিলের আবেদন করেছিলেন।
ভুক্তভোগী পরিবারগুলো বলেন, 'যে জমি পানি উন্নয়ন বোর্ডের বলে তারা দাবি করছেন, সেই জমির বন্দোবস্তের কথা বলে কীভাবে তাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে? সরকারি জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করেও আমরা হয়রানির শিকার ও অগ্নিসংযোগের হুমকিতে নিরাপত্তাহীনতায় দিন কাটছে আমাদের।'
দরখাস্তকারী মনির বলেন, '৫ আগস্টের পর রেজাউল করিম আমাদের কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছে। অনেক হুমকির পর তাকে টাকা দিয়েছি। এই টাকা নেয়ার পর আরও টাকা দাবি করেছে। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানাই। তবে তিনি রাতে বাসায় এসে নারীদেরকে বলে তার দাবিকৃত টাকা না দিলে বাড়িঘর জ্বালিয়ে দেবে। আমাদের ব্যবহৃত একটি পুকুরে রেজাউল করিম জোরপূর্বক দখল নিয়ে মাছ ছেড়েছে। এমনিভাবে তিনি এখানকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। তিনি দাবি করতেছে এই জমিগুলো তার নামে বন্দোবস্ত নিয়েছে। তবে এই জমি পানি উন্নয়ন বোর্ডের। ২৬টি পরিবার তার কাছে ভুক্তভোগী।'
ভুক্তভোগী আসমা বেগম বলেন, 'তার কাছ থেকে পঞ্চাশ হাজার ও তার দেবরের কাছ থেকে পঞ্চাশ হাজার মোট এক লাখ টাকা দিয়েছে রেজাউল করমিকে।'
একই অভিযোগ রবিউল্লাহ মাঝির। তিনি বলেন, 'রেজাউল করিম আমাদেরকে হুমকি দিয়েছে তার টাকা না দিলে আমাদের বিভিন্নভাবে হয়রানি করবে। এবং বাড়িঘর জ্বালিয়ে দেবে।'
রেজাউল করিম বলেন, 'বিগত সরকারের আমলে আমাদের লোকজনকে তারা সেখান থেকে হটিয়ে বাড়িঘর নির্মাণ করেছে। এবং আমার বিরুদ্ধে তাদের এসব বানানো কথাবার্তা। আমি বন্দোবস্ত বাতিল করার বিষয়ে কোনো দরখাস্ত করিনি। এগুলো নিয়ে আদালত হয়েছে। আদালতে আমি বলেছি, এসমস্ত বন্দোবস্ত আমার না।'
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, 'রেজাউল করিম খন্দকারের বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি অভিযোগ আসলে পুলিশ সুপার মহোদয় আমাকে তদন্তের দায়িত্ব দেন। আমি ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলেছি এবং তাদের বক্তব্য রেকর্ড করেছি। তার বিরুদ্ধে চরের ধান কেটে নেওয়া ও জমি দখলের অভিযোগ রয়েছে। আমরা তদন্ত শেষে পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেব।'
আরটিভি/এমএইচজে


