
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে আর গুম-খুনের রাজনীতি ও পরিবেশ ফিরে আসতে দেওয়া হবে না।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা আর গুম-খুনের দিন ফিরে আসতে দিতে চাই না। আবার বাংলাদেশে জিয়াউদ্দিনদের হত্যা উৎসব শুরু হোক তা চাই না। তাই পাড়া-মহল্লা, রাস্তায়, প্রত্যেকটি জায়গায় ঘাতক, হত্যাকারী ও জল্লাদদের জনগন প্রতিহত করবে।
ফাসিস্ট শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তখন র্যাব, পুলিশ, বিজিবি, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও বাহিনীর বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করেছেন। কাজেই বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের অপতৎপরতায় তারা ভীত হবেন না।
রুহুল কবির রিজভী বলেন, শরীয়তপুরের জাজিরা পয়েন্টের কয়েকটি অংশ এবং গোপালগঞ্জে কিছু ঘটনা ঘটছে। এসব ঘটনা যাতে রক্তাক্ত পরিস্থিতির দিকে না যায়, সে জন্য শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলার প্রচেষ্টা চালাচ্ছেন। বিএনপির নেতাকর্মীরা সংশ্লিষ্টদের বোঝানোর চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বড় ধরনের কোনো ঘটনা এড়াতে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এই যে শান্তিপূর্ণভাবে সামাল দেওয়া, এটাকে বোধহয় হাসিনা দুর্বলতা মনে করছেন।
ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রিজভী বলেন, তার দেশে ফেরার আইনগত ভিত্তি কী, সেটি স্পষ্ট করতে হবে। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র না থাকলে তিনি কীভাবে দেশে ফিরবেন, সে প্রশ্নও তোলেন তিনি।
রিজভী বলেন, আমরা আইনগতভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ চাই। ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি রয়েছে, সেই আইনের আওতায় তাকে আমরা চাই। তার বিরুদ্ধে আদালতের রায় হয়েছে, তা বাস্তবায়নের জন্য আমরা তার প্রত্যর্পণ চাই।
শেখ হাসিনার শাসনামলে শিক্ষার্থী ও তরুণদের হত্যার অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম, ফাইয়াজ ও আহনাফসহ বহু শিক্ষার্থী ও তরুণ হত্যার শিকার হয়েছেন।
তিনি বলেন, আবু সাঈদ কোনো ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন।
মুগ্ধের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মিছিলে বোতল হাতে নিয়ে পানি লাগবে কি না জিজ্ঞাসা করছিলেন। এরপর পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে ১ হাজার ৪০০ শিশু, কিশোর ও তরুণ হত্যার শিকার হয়েছেন। এসব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।
ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার মন্ত্রী-আত্মীয়স্বজনরা দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন উল্লেখ করে তিনি বলেন, প্রায় ২৮ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। শেখ হাসিনার মন্ত্রী ও নেতাদের কেউ কলকাতা, কেউ দিল্লি, কেউ ব্যাংকক, সিঙ্গাপুর, দুবাই ও অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন।
তিনি বলেন, জনগণের অর্থ লুট করে বিদেশে সম্পদ গড়ে তোলা হয়েছে। চট্টগ্রামের একজন সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রীর লন্ডনে ২৫০ মিলিয়ন পাউন্ডের বাড়ি পাওয়া গেছে এবং ব্রিটিশ সরকার সেটি বাজেয়াপ্ত করেছে।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তারা দেশের মাটিতেই থাকবেন এবং প্রয়োজনে আত্মত্যাগ করবেন। আমাদের কোনো ভারত নেই। আমরা বাঁচব, আমরা মরব, আমরা আত্মত্যাগ করব, তবু স্বাধীনতা ও স্বাধীনতার পতাকাকে অক্ষুণ্ন রাখব।’
গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও মাদকসেবীদের তৎপরতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এসব সামাজিক সমস্যা তৈরি হয়েছে। সেই পরিস্থিতি আর ফিরে আসতে দেওয়া যাবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনাম। এতে সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএ




