
নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরাতে অপতৎপরতায় লিপ্ত জামায়াত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
শনিবার (১৭ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে আট মাস হয়েছে। এর মধ্যে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে। বর্তমানে সংসদের বিরোধীদল জামায়াত দায়িত্বশীল আচরণ করছে না। বরং তারা সরকারকে নানাভাবে অসহযোগিতা করছে। আবার আওয়ামী লীগের স্টাইলে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে এই জামায়াত। বিরোধী দলের এই অপতৎপরতা দেশের মানুষ সন্দেহের চোখে দেখছে। অনেকের আশঙ্কা জামায়াত আওয়ামী লীগের টাকা খেয়ে এসব করছে। এসবের মধ্য দিয়ে জামায়াত মূলত আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরাতে অপতৎপরতায় লিপ্ত জামায়াত। তবে এটা পরিষ্কার মৃত মানুষ যেমন জীবিত হয় না, তেমনি আওয়ামী লীগও আর রাজনীতিতে ফিরতে পারবে না। কেননা ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট আওয়ামী লীগ পলিটিক্যালি ডেড হয়েছে। সুতরাং জামায়াত ও আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে যতই চেষ্টা করুক, তারা কোনোভাবেই রাজনীতিতে ফিরতে পারবে না।
আরটিভি/এমএইচজে


