ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মিশরে মিলাদুন্নবী: মিষ্টির পুতুলে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের ছোঁয়া

মিশর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৩:০৩ পিএম
ঈদে মিলাদুন্নবী ঘিরে মিশরে দোকানে দোকানে হরেক রকম ঐতিহ্যবাহী মিষ্টির জমজমাট পসরা । ছবি: আরটিভি

নীলনদ, পিরামিড ও হাজারো মিনারের দেশ মিশরে আগামী ২৫ আগস্ট মঙ্গলবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। তবে দেশটির সরকারি ঘোষণা অনুযায়ী, এ উপলক্ষে সরকারি ও সাধারণ ছুটি থাকবে আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার। ঈদুল ফিতর ও ঈদুল আজহার পর মিশরে অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব হিসেবে পালিত হয় ঈদে মিলাদুন্নবী। মিশরীয়রা দিনটিকে সাধারণত মাওলিদ আল-নাবি বা মাওলিদ আল-রাসুল (সা.) নামে অভিহিত করেন।

মিষ্টির উৎসবে মেতে উঠেছে মিশর

প্রতি বছর রবিউল আউয়াল মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কায়রোসহ দেশটির বিভিন্ন শহরের সুপারশপ, বাজার, পাড়া-মহল্লার মিষ্টি ও বেকারির দোকানগুলোতে বসে হালাওয়াত আল-মাওলিদের পসরা। বাদাম, তিল, চিনি ও ঘন সিরাপসহ বিভিন্ন উপকরণে তৈরি এসব মিষ্টির মধ্যে ‘মালবান’ অন্যতম জনপ্রিয়।

সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ‘হালাওয়াত আল-মাওলিদ’ বিক্রি হচ্ছে ৯০ থেকে ২০০ মিশরীয় পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০ থেকে ৫০০ টাকার সমান।

আরও পড়ুন

মিশরের প্রাচীন রাজধানী ফুসতাতে অবস্থিত সাইয়েদা জয়নব এলাকার দোকানি হিসাম মাহমুদ আরটিভিকে বলেন, এ বছর বেচাকেনা ভালো না। মানুষের হাতে পয়সা নেই। গত বছর যেখানে একজন ক্রেতা চার-পাঁচ কেজি মিষ্টি কিনতেন, এবার তারা এক বা দুই কেজি কিনে নিচ্ছেন।

তবে মিশরের মিলাদুন্নবীর উৎসবের সবচেয়ে আকর্ষণীয় ও পরিচিত ঐতিহ্য হলো আরুসাত আল-মাওলিদ—অর্থাৎ মাওলিদের পুতুল।

চিনি দিয়ে তৈরি এই পুতুলকে সাধারণত কনের সাজে সাজানো হয়। সাদা ও রঙিন কাপড়, কাগজ ও নানা ধরনের অলংকার দিয়ে তৈরি করা হয় এর পোশাক ও সাজসজ্জা। শিশুদের কাছে বিশেষ আকর্ষণীয় এই মিষ্টির পুতুল মিশরের লোকসংস্কৃতি ও উৎসবের ঐতিহ্যের একটি পরিচিত প্রতীক হয়ে উঠেছে।

মিলাদুন্নবী উপলক্ষে বাজার ও দোকানে নানা রং, নকশা ও আকারের আরুসাত আল-মাওলিদ দেখা যায়। সময়ের সঙ্গে এর নকশা ও উপস্থাপনায় পরিবর্তন এলেও মিশরীয়দের কাছে এর আবেদন এখনো অমলিন। মিশরের পথঘাট, বাজার ও উৎসবের সাজে আরুসাত আল-মাওলিদ নামের এই পুতুল যেন ধর্মীয় আবহের পাশাপাশি ইতিহাস, লোকসংস্কৃতি ও আনন্দের এক অনন্য মেলবন্ধন। প্রকারভেদে প্রতিটি আরুসাত আল-মাওলিদ বিক্রি হচ্ছে ২০০ থেকে এক হাজার মিশরীয় পাউন্ডে।

ঐতিহাসিকদের মতে, মিশরে আনুষ্ঠানিকভাবে মিলাদুন্নবী উদযাপনের প্রচলন শুরু হয় ফাতিমীয় খেলাফতের সময়। দশম থেকে দ্বাদশ শতকের এ সময়ে শাসকগোষ্ঠী মাওলিদ উপলক্ষে দরিদ্র ও অভাবী মানুষের জন্য ভোজের আয়োজন করত এবং বিভিন্ন ধরনের মিষ্টি বিতরণ করত বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে।

আরুসাত আল-মাওলিদের উৎপত্তি নিয়েও মিশরে একটি প্রচলিত লোককাহিনি রয়েছে। জনশ্রুতি অনুযায়ী, ফাতিমীয় শাসনামলের খলিফা আল-হাকিম তার এক স্ত্রীকে সঙ্গে নিয়ে মাওলিদের দিনে শহরে বের হয়েছিলেন। তিনি রাজকীয় পোশাকে জনসম্মুখে উপস্থিত হলে তার সঙ্গে থাকা নারীর সাজসজ্জা ও সৌন্দর্য দেখে অনুপ্রাণিত হয়ে এক মিষ্টি কারিগর কনের আকৃতিতে একটি মিষ্টির পুতুল তৈরি করেন। পরবর্তীকালে সেটিই ‘আরুসাত আল-মাওলিদ’ নামে জনপ্রিয় হয়ে ওঠে বলে লোকমুখে প্রচলিত রয়েছে।

তবে মিশরীয়দের অধিকাংশই এই পুতুলকে ধর্মীয় কোনো অনুষঙ্গ হিসেবে নয়, বরং একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নিদর্শন হিসেবেই দেখেন।

মসজিদে দোয়া ও সুফি ঐতিহ্য

মিশর শাফেয়ি মাজহাবের ঐতিহ্যবাহী প্রভাব থাকা একটি দেশ হলেও দেশটির ধর্মীয় চর্চায় বিভিন্ন মাজহাব ও সুফি ধারার প্রভাব রয়েছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কায়রোর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া, কোরআন তেলাওয়াত ও রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি দরুদ পাঠের আয়োজন করা হয়।

বিশেষ করে কায়রোর ঐতিহাসিক ইমাম হোসাইন (রা.) মসজিদকে ঘিরে এদিন ভক্তদের উপস্থিতি বাড়ে। মাগরিবের নামাজের পর দোয়া ও দরুদ পাঠের পাশাপাশি মসজিদের আশপাশে সুফি অনুসারীদের ঢোল বাজিয়ে ইসলামী সংগীত ও ধর্মীয় সংগীত পরিবেশন করতেও দেখা যায়।

মিষ্টি বিতরণে উৎসবের আমেজ

ঈদে মিলাদুন্নবীর দুই-তিন দিন আগে থেকেই পুরো মিশরে শুরু হয় মিষ্টি বিতরণের উৎসব। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও হালাওয়াত আল-মাওলিদ বিতরণ করা হয়। এছাড়া পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের মধ্যেও মিষ্টি উপহার দেওয়ার প্রচলন রয়েছে।

ফলে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এ সময়টি পরিণত হয় সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের এক আনন্দঘন উৎসবে।

রোজা, কোরআন তেলাওয়াত ও ঘরোয়া আয়োজন

১২ রবিউল আউয়াল বা মিলাদুন্নবীর দিনে অনেক মিশরীয় নফল রোজা রাখেন। পাশাপাশি অতিরিক্ত সময় কোরআন তেলাওয়াত, নফল ইবাদত ও দরুদ পাঠে কাটান। তবে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলের মতো মসজিদে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে ‘মিলাদ কায়েম’-এর প্রচলন মিশরে সাধারণভাবে দেখা যায় না। বরং ব্যক্তিগত ইবাদত, দোয়া ও ধর্মীয় আলোচনাই এদিনের অন্যতম প্রধান অনুষঙ্গ।

সন্ধ্যার পর অনেক মিশরীয় পরিবারে বিশেষ খাবার তৈরির আয়োজন দেখা যায়। এর মধ্যে ‘রুজ বি লাবান’—দুধ ও চাল দিয়ে তৈরি এক ধরনের মিষ্টি পায়েস—ছোট ছোট পাত্রে করে প্রতিবেশী ও পথচারীদের মধ্যে বিতরণ করা হয়।

মিশরে ঈদে মিলাদুন্নবী শুধু একটি ধর্মীয় উপলক্ষ নয়; বরং শতাব্দীপ্রাচীন ইতিহাস, লোকসংস্কৃতি, পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উৎসব। আর সেই ঐতিহ্যের সবচেয়ে দৃশ্যমান প্রতীকগুলোর একটি হয়ে আজও টিকে আছে রঙিন সাজে সজ্জিত ‘আরুসাত আল-মাওলিদ’।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে
লিবিয়ার তবরুক উপকূল থেকে অনিয়মিত পথে গ্রিসে যাওয়ার স্বপ্ন নিয়ে রাবারের নৌকায় ভূমধ্যসাগরে পাড়ি দিতে ছেয়েছিলেন শতাধিক বাংলাদেশি। কিন্তু স্বপ্নের ইউরোপযাত্রা মুহূর্তেই পরিণত হয় জীবন-মৃত্যুর লড়াইয়ে। প্রচণ্ড ঝড়, উত্তাল সমুদ্র, নৌকায় পানি প্রবেশ ও ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় মৃত্যুর মুখোমুখি হন তারা।
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে
কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা
বিদেশি কর্মী নেওয়ার জন্য ফের বড় পরিসরে শ্রমবাজার উন্মুক্ত করছে ইতালি। দেশটির ২০২৬-২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
ইতালিতে ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাচ্ছেন। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে ইতালি সরকার। 
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ
মালয়েশিয়ার লোজিং হাইল্যান্ডসে পাহাড়ধসে মাটিচাপা পড়া বাংলাদেশি যুবক মো. ফাহাদ হোসানের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) একটি সবজি খামারে পাহাড়ধসের ঘটনায় তিনি মাটিচাপা পড়েছিলেন।
মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ
মালয়েশিয়ার ব‍্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান দূতাবাসের
বাংলাদেশ ও মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পখাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে কুচিংয়ে সারওয়াক ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট পেতার চাই মুইনসেং এবং সারওয়াক ফার্মাসিউটিক্যাল সোসাইটির জেনারেল সেক্রেটারির নেতৃত্বে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। 
মালয়েশিয়ার ব‍্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান দূতাবাসের
আরও পড়ুন
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার
মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল
মিষ্টির পদত্যাগে শূন্য নারী আসনে উপনির্বাচনের নিয়ম কী
পদত্যাগপত্রে যা লিখলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি