ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, নতুন করে ভাবাচ্ছে বিজ্ঞানীদের

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

মহাকাশে ১৯৯৮ কেওয়াই২৬ নামের একটি গ্রহাণুর অস্বাভাবিক ত্বরণের কারণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এতদিন ধারণা করা হচ্ছিল, এটি আসলে অন্ধ ধূমকেতু। তবে নতুন গবেষণায় দেখা গেছে, গ্রহাণুটির তাপমাত্রা এত বেশি যে এর ভেতরে দীর্ঘ সময় বরফ টিকে থাকা সম্ভব নয়। ফলে গ্যাস নির্গমনের কারণে এর গতি বাড়ছে— এমন ব্যাখ্যা দুর্বল হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক করবিন হ্যানসেন ও মাসাতোশি হিরাবায়াশি এ গবেষণা করেছেন। তাদের গবেষণাপত্রটি আইকারাস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

প্রায় ১১ মিটার ব্যাসের গ্রহাণুটি নিজ অক্ষে প্রতি ৫ দশমিক ৩৫ মিনিটে একবার ঘোরে। সূর্যকে প্রদক্ষিণের সময় কক্ষপথের সমতলের বাইরের দিকে এর অস্বাভাবিক ত্বরণ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।

গবেষকদের তাপমাত্রা মডেল অনুযায়ী, গ্রহাণুটির সবচেয়ে শীতল অংশের গড় তাপমাত্রাও মাইনাস ৬১ ডিগ্রি সেলসিয়াস। অথচ দীর্ঘ সময় বরফ টিকে থাকার জন্য তাপমাত্রা মাইনাস ১২৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকা প্রয়োজন।

হিসাব অনুযায়ী, গ্রহাণুটির ভরের ১ শতাংশ পানির বরফ হলেও তা দুই হাজার বছরের কিছু বেশি সময়ে উবে যাবে। আর বরফ থেকে নির্গত গ্যাসই যদি এর অস্বাভাবিক ত্বরণের কারণ হয়, তাহলে সেই বরফ মাত্র ৬২ বছর টিকে থাকার কথা।

তবে গ্রহাণুটি কত দিন ধরে বর্তমান কক্ষপথে রয়েছে, তা নিশ্চিত নয়। ফলে এর ভেতরে বরফ থাকার সম্ভাবনা পুরোপুরি নাকচ করছেন না গবেষকেরা।

বিকল্প ব্যাখ্যা হিসেবে বিজ্ঞানীরা সূর্যের বিকিরণচাপের কথা বিবেচনা করছেন। তাঁদের ধারণা, সূর্যের আলো থেকে সৃষ্ট চাপ গ্রহাণুটির গতিপথে পরিবর্তন আনতে পারে।

গ্রহাণুটির রহস্য উদ্‌ঘাটনে ২০৩১ সালের জুলাইয়ে এর কাছে পৌঁছানোর কথা রয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার হায়াবুসা-২ মহাকাশযানের। এর মাধ্যমে গ্রহাণুটির গঠন ও অস্বাভাবিক গতির কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্ল্যাকহোল নিয়ে নতুন রহস্য
ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর মহাবিশ্বের অন্যতম রহস্যময় ও শক্তিশালী সত্তা। এর প্রবল মাধ্যাকর্ষণ ক্ষেত্র থেকে আলো পর্যন্ত রক্ষা পায় না। ধসে পড়া বিশাল নক্ষত্র থেকে তৈরি হওয়া এই মহাজাগতিক সত্তা সবকিছু নিজের মধ্যে আটকে রাখে।
ব্ল্যাকহোল নিয়ে নতুন রহস্য
অক্টোপাসের চলাচলের রহস্য উন্মোচন, রোবট তৈরির পরিকল্পনা বিজ্ঞানীদের
অসম্ভব রকমের সরু ফাঁকফোকর দিয়ে অনায়াসে গলে যেতে পারে অক্টোপাস। প্রাণীটি কীভাবে এই অবিশ্বাস্য কাজটি করে, বিজ্ঞানীরা এবার তার বিস্তারিত প্রক্রিয়া উদ্‌ঘাটন করেছেন এবং তা থেকে অনুপ্রাণিত হয়ে উন্নত উদ্ধারকারী রোবট তৈরির পরিকল্পনা হাতে নিয়েছেন। মানুষের মতো শক্ত কোনো কঙ্কাল না থাকায় অক্টোপাসের শরীর ‘পেশিবহুল হাইড্রোস্ট্যাট’ দিয়ে গঠিত। এর ফলে তাদের আটটি বাহু ইচ্ছেমতো বাঁকানো যায় এবং শরীরের মধ্যভাগও সহজেই রূপ বদলাতে পারে। এমনকি সরু জায়গায় ঢোকার সময় শরীর সংকুচিত হলেও প্রধান রক্তনালিগুলোর পেশিব্যবস্থা স্বাভাবিক রক্ত সঞ্চালন সচল রাখে।  পাথুরে উপকূলে বসবাসকারী অক্টোপাসগুলো মূলত শিকারি প্রাণীর হাত থেকে বাঁচতে এবং দুর্গম কোণে থাকা শিকার ধরতে এই অনন্য বৈশিষ্ট্য ব্যবহার করে। সিঙ্গাপুর ও ইতালির গবেষকেরা দেখেছেন, ছোট গর্ত বা ফাটল দিয়ে গলতে অক্টোপাস মূলত দুটি কৌশল বেছে নেয়। গর্তের মুখটি যদি অক্টোপাসের দুই চোখের দূরত্বের চেয়ে চওড়া হয়, তবে তারা তিন ধাপের প্রক্রিয়া অনুসরণ করে।  প্রথমে একটি বাহু দিয়ে পরিস্থিতি পরখ করে কয়েকটি বাহু ভেতরে ঢোকায় এবং শেষে সেগুলোতে ভর দিয়ে পুরো শরীর ও মাথা টেনে আনে। তবে গর্তটি চোখের দূরত্বের চেয়েও বেশি সরু হলে তারা চার ধাপের কৌশল নেয়। সে ক্ষেত্রে মাথা ও মেন্টল গলানোর আগেই বাকি বাহুগুলো তারা আলাদাভাবে টেনে বের করে নেয়। বিজ্ঞানীদের আশা, অক্টোপাসের এই কৌশল কাজে লাগিয়ে ভবিষ্যতে দুর্যোগের ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধারকাজে ব্যবহারের জন্য উন্নত রোবট তৈরি করা সম্ভব হবে। বর্তমানে ব্যবহৃত উদ্ধারকারী রোবটগুলো সাধারণত লম্বা ও সরু হয়ে থাকে, যাতে ছোট জায়গা পার হতে পারে।  তবে অক্টোপাস থেকে অনুপ্রাণিত রোবট বিভিন্ন সেন্সর, যন্ত্রপাতি বা যোগাযোগের সরঞ্জামসহ নমনীয় বাহুর সাহায্যে আরও বেশি উপাদান বহন করতে পারবে। তবে এমন নমনীয় রোবট তৈরি করা প্রকৌশলীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ, সরু পথ দিয়ে যাওয়ার জন্য এর বাহুগুলোকে যেমন অত্যন্ত নরম হতে হবে, তেমনি পুরো শরীরকে টেনে নেওয়ার মতো যথেষ্ট শক্তিশালীও হতে হবে। আরটিভি/এসআর
অক্টোপাসের চলাচলের রহস্য উন্মোচন, রোবট তৈরির পরিকল্পনা বিজ্ঞানীদের
মানবসভ্যতার আগেই কি পৃথিবীতে এসেছিল ভিনগ্রহীরা? কৌতূহল জাগায় যেসব বৈজ্ঞানিক সূত্র
মানবসভ্যতা গড়ে ওঠার আগে পৃথিবীতে ভিনগ্রহীদের আগমনের কোনো বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। তবে পৃথিবীর প্রাচীন নিদর্শন সংরক্ষণের সীমাবদ্ধতা এবং অন্য নক্ষত্র থেকে সৌরজগতে বস্তু প্রবেশের ঘটনা এ সম্ভাবনা নিয়ে গবেষণার সুযোগ রাখছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
মানবসভ্যতার আগেই কি পৃথিবীতে এসেছিল ভিনগ্রহীরা? কৌতূহল জাগায় যেসব বৈজ্ঞানিক সূত্র
বাংলাদেশের আকাশে চলতি মাসেই দেখা যাবে ৫ মহাজাগতিক দৃশ্য 
চলতি অক্টোবরে বাকি ১৩ দিনে দারুণ কিছু মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশের আকাশে।
বাংলাদেশের আকাশে চলতি মাসেই দেখা যাবে ৫ মহাজাগতিক দৃশ্য 
মহাকাশে প্রথম সবুজ নক্ষত্রের সন্ধান, গবেষণায় নতুন মোড়
শ্বেত বামন নক্ষত্র নিয়ে গবেষণা করতে গিয়ে মানুষের চোখে সবুজ দেখায়, এমন একটি নক্ষত্রের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
মহাকাশে প্রথম সবুজ নক্ষত্রের সন্ধান, গবেষণায় নতুন মোড়
আরও পড়ুন
ব্যাঙের ভ্রূণ পাচারের অভিযোগে হার্ভার্ড বিজ্ঞানীর মামলা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
মহাকাশে প্রথম সবুজ নক্ষত্রের সন্ধান, গবেষণায় নতুন মোড়
মৃত নক্ষত্রের ছাই থেকে তৈরি হওয়া গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা
টানা চতুর্থবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ড. খালিদ, বাংলাদেশে পঞ্চম