ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

অণ্ডকোষ ফেলে দিলে বাড়তে পারে আয়ু, গবেষণায় চমকপ্রদ ফল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
প্রতীকী ছবি

বয়স বাড়ার পরও অণ্ডকোষ অপসারণ করলে আয়ু বাড়তে পারে। এমনকি প্রাপ্তবয়স্ক বয়সে এ অস্ত্রোপচার করা হলে আয়ু বৃদ্ধির হার আরও বেশি হতে পারে বলে ইঁদুরের ওপর নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণের পর তাদের আয়ু ৩৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।

বিজ্ঞানীদের প্রচলিত ধারণা ছিল, দীর্ঘায়ুতে এ ধরনের প্রভাব পেতে হলে জীবনের শুরুর দিকে অণ্ডকোষ অপসারণ করতে হবে। তবে নতুন গবেষণার ফল সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। গবেষকদের আশা, এ প্রভাবের পেছনের জৈবিক প্রক্রিয়া শনাক্ত করা গেলে ভবিষ্যতে অস্ত্রোপচার ছাড়াই দীর্ঘায়ু বাড়ানোর চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন সম্ভব হতে পারে।

মানুষসহ অনেক স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীদের আয়ু বেশি। যুক্তরাষ্ট্রে পুরুষ ও নারীর গড় আয়ুর ব্যবধান প্রায় ছয় বছর। ক্যানসার ও হৃদরোগসহ বয়সজনিত অধিকাংশ রোগেও পুরুষদের ঝুঁকি বেশি। আত্মহত্যা, হত্যাকাণ্ড ও দুর্ঘটনার মতো বয়সের সঙ্গে সরাসরি সম্পর্কহীন মৃত্যুর কারণগুলো বাদ দিলেও এ ব্যবধান থেকে যায়।

নারীদের দীর্ঘায়ুর পেছনে সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। তবে পুরুষের অণ্ডকোষ এ ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখে বলে বেশ কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। ১৯৬৯ সালের একটি গবেষণায় মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের একটি প্রতিষ্ঠানে অনিচ্ছাকৃতভাবে অণ্ডকোষ অপসারণ করা হয়েছিল এমন ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এ অস্ত্রোপচারের ফলে তাদের আয়ু এক দশকেরও বেশি বাড়তে পারে। ২০২৫ সালে ২২টি মেরুদণ্ডী প্রাণী প্রজাতির তথ্য বিশ্লেষণেও অণ্ডকোষ অপসারণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক পাওয়া যায়।

তবে পরীক্ষাগারে ইঁদুরের ওপর এ প্রভাব নিয়ে গবেষণা করা সহজ ছিল না। কারণ বিভিন্ন প্রজাতি ও বংশধারার ইঁদুরের আয়ুর পার্থক্য ভিন্ন। এমনকি কিছু ক্ষেত্রে পুরুষ ইঁদুরের আয়ু নারীদের চেয়েও বেশি।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টার অ্যাট স্যান অ্যান্টোনিওর বার্ধক্যবিষয়ক গবেষক জেমস নেলসন ও তার সহকর্মীরা এমন একটি ইঁদুরের বংশধারা নিয়ে গবেষণা করেন, যেখানে নারীদের দীর্ঘায়ুর সুবিধা মানুষের মতোই স্পষ্ট। বয়ঃসন্ধির আগে পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণ করে দেখা যায়, তাদের আয়ু নারী ইঁদুরের কাছাকাছি পৌঁছে যায়। এতে গবেষকদের ধারণা হয়, অণ্ডকোষ কোনোভাবে পুরুষের আয়ু কমিয়ে দিচ্ছে।

নতুন গবেষণায় নেলসন, তার স্নাতক শিক্ষার্থী লরেন্স মেইয়েন্স ও তাদের সহকর্মীরা জানতে চেয়েছেন, জীবনের কোন পর্যায় থেকে অণ্ডকোষের এ নেতিবাচক প্রভাব শুরু হয়।

এ জন্য একই বংশধারার পুরুষ ইঁদুরের অণ্ডকোষ তিনটি ভিন্ন বয়সে অপসারণ করা হয়। একটি দলকে বয়ঃসন্ধির আগে, দ্বিতীয় দলকে বয়ঃসন্ধির পরপরই এবং তৃতীয় দলকে ২৪০ দিন বয়সে অস্ত্রোপচার করা হয়। ২৪০ দিন বয়সী ইঁদুরের বয়স মানুষের হিসাবে প্রায় ৩০ বছরের সমান বলে ধরে নেওয়া হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে অণ্ডকোষ অপসারণ করা তিনটি দলের ইঁদুরই অস্ত্রোপচার না করা নিয়ন্ত্রণ দলের তুলনায় বেশি দিন বেঁচেছে।

তবে সবচেয়ে বেশি আয়ু বেড়েছে প্রাপ্তবয়স্ক বয়সে অণ্ডকোষ অপসারণ করা ইঁদুরের। তাদের আয়ু প্রায় ৩৩ শতাংশ বেড়েছে। বয়ঃসন্ধির আগে অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বেড়েছে ১৯ শতাংশ এবং বয়ঃসন্ধির পর অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বেড়েছে ২৬ শতাংশ।

গবেষকেরা এ ফলাফলে বিস্মিত হয়েছেন। লরেন্স মেইয়েন্স বলেন, দ্রুতই তাদের কাছে বিষয়টি নতুন, অপ্রত্যাশিত ও উত্তেজনাপূর্ণ বলে স্পষ্ট হয়ে ওঠে।

গবেষক স্টিভ অস্টাডের মতে, প্রাপ্তবয়স্ক বয়সে অণ্ডকোষ অপসারণ করা ইঁদুরগুলো অস্ত্রোপচারের পরপরই দীর্ঘায়ুর সুবিধা পেতে শুরু করে। অস্ত্রোপচারের পর এক বছরেরও বেশি সময় ধরে ওই দলটির কোনো ইঁদুর মারা যায়নি। অথচ ওই বয়সে সাধারণত ইঁদুরের মৃত্যুহার বাড়তে থাকে।

গবেষকদের ধারণা, জীবনের শুরুর দিকে অণ্ডকোষ থাকা কিছু উপকার দিতে পারে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রভাব ক্ষতিকর হয়ে উঠতে পারে। তবে এ ধারণা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

অণ্ডকোষ অপসারণের পর ইঁদুরের আয়ু কেন বাড়ল, তা এখনো রহস্য। অস্ত্রোপচার করা ইঁদুরগুলোর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এমন কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তিনটি দলেই ইঁদুরের হাতের শক্তি কমেছে এবং বয়স বাড়ার অন্যান্য লক্ষণ একই গতিতে দেখা গেছে।

গবেষকেরা এখন ইঁদুরগুলোর মৃত্যুর কারণ বিশ্লেষণ করতে চান। পাশাপাশি অণ্ডকোষ থেকে নিঃসৃত এমন কোনো উপাদান আছে কি না, যা আয়ুর ওপর প্রভাব ফেলে, তা শনাক্ত করার চেষ্টা করবেন।

পুরুষের শরীরে টেস্টোস্টেরনের ৯০ শতাংশেরও বেশি অণ্ডকোষ থেকে উৎপন্ন হয়। তবে এ গবেষণায় দেখা দীর্ঘায়ুর পরিবর্তনের সঙ্গে টেস্টোস্টেরনের সরাসরি সম্পর্ক আছে বলে এখনই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। অণ্ডকোষ অপসারণের ফলে শরীরে একসঙ্গে অনেক পরিবর্তন ঘটে।

গবেষণার ফল ভবিষ্যতে এমন ওষুধ বা চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের পথ খুলে দিতে পারে, যা অণ্ডকোষ অপসারণ ছাড়াই এর সম্ভাব্য দীর্ঘায়ুর প্রভাব অনুকরণ করবে। এ ধরনের চিকিৎসা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও কার্যকর হতে পারে বলে গবেষকদের আশা।

তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, ইঁদুরের ওপর পাওয়া এ ফলাফল এখনই মানুষের ক্ষেত্রে প্রয়োগ করার মতো পর্যায়ে পৌঁছায়নি। গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সূত্র: সায়েন্স

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পৃথিবীর আকাশে এখন ২ চাঁদ, যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা
পৃথিবীর আকাশে এখন রয়েছে দ্বিতীয় একটি চাঁদ। তবে এটি স্থায়ী নয়। প্রায় দুই মিটার ব্যাসের একটি ক্ষুদ্র গ্রহাণু পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়ে সাময়িকভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘মিনি মুন’ বা ক্ষুদ্র চাঁদ।  মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  আগামী ডিসেম্বরের শুরু পর্যন্ত এটি পৃথিবীর কাছাকাছি থাকবে। এরপর পৃথিবীর মহাকর্ষীয় প্রভাব ছাড়িয়ে আবার সূর্যকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরতে শুরু করবে। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে গ্রহাণুটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়ে। এর ব্যাস প্রায় দুই মিটার বা ছয় ফুট। বস্তুটি এতটাই ছোট ও অনুজ্জ্বল যে এটি কোনো অকেজো কৃত্রিম উপগ্রহ কিংবা উপগ্রহের ভাঙা অংশ কি না, তা নিশ্চিত হতে বিজ্ঞানীদের কয়েক সপ্তাহ সময় লেগেছে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার গত অক্টোবরের শেষ দিকে গ্রহাণুটির নাম দেয় ২০২৬ কিউকিউ৮।  সংস্থাটি গ্রহাণু, ধূমকেতু ও সৌরজগতের অন্যান্য ক্ষুদ্র মহাজাগতিক বস্তুর গতিবিধি পর্যবেক্ষণ করে। তবে ‘মিনি মুন’ কোনো আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক পরিভাষা নয়।  এর আগে পৃথিবীর কক্ষপথে সাময়িকভাবে ঘুরে যাওয়া কয়েকটি প্রাকৃতিক বস্তুকে এ নামে অভিহিত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর মধ্যে ২০০৬ আরএইচ১২০ প্রায় এক বছর এবং ২০২০ সিডি৩ প্রায় তিন বছর পৃথিবীর কক্ষপথে ছিল। মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন বলেন, পৃথিবীর কাছে এ ধরনের ক্ষুদ্র মহাজাগতিক বস্তুর উপস্থিতি অস্বাভাবিক নয়। গড়ে যেকোনো সময় পৃথিবীর কাছে একটি মিনি মুন থাকতে পারে। কখনো কয়েক সপ্তাহ, কখনো কয়েক মাস এগুলো পৃথিবীর আশপাশে অবস্থান করে। কোনো কোনো সময় একাধিক বস্তুও থাকতে পারে। কীভাবে শনাক্ত হলো এই মিনি মুন হাঙ্গেরির কনকোলি অবজারভেটরির গবেষণা সমন্বয়ক জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান সারনেস্কি গ্রহাণুটি প্রথম শনাক্ত করেন । গত আগস্টে তিনি বস্তুটিকে শনাক্ত করেন। প্রাথমিকভাবে এর নাম দিয়েছিলেন সার২৯০১। সারনেস্কি জানান, ২০২০ সাল থেকে প্রতিটি পরিষ্কার রাতে পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু অনুসন্ধান করছিলেন তিনি। আবিষ্কারের সময় বস্তুটিকে অন্য সাধারণ গ্রহাণুর মতোই মনে হয়েছিল। পরে এর কক্ষপথের নিখুঁত হিসাব-নিকাশের মাধ্যমে এর বিশেষ বৈশিষ্ট্য সামনে আসে। প্রথম দিকে বিজ্ঞানীদের মধ্যে বস্তুটির উৎস নিয়ে মতভেদ ছিল। এটি প্রাকৃতিক গ্রহাণু, নাকি মানুষের তৈরি কোনো মহাকাশযানের অংশ- তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। কয়েক সপ্তাহ ধরে সৌর বিকিরণের প্রভাবে বস্তুটির গতিপথে কী পরিবর্তন হচ্ছে, তা পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এটি প্রাকৃতিক বস্তু। এ কাজে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার লোয়েল ডিসকভারি টেলিস্কোপ এবং হাওয়াইয়ের মাউনা কেয়ায় অবস্থিত ২ দশমিক ২ মিটার টেলিস্কোপ ব্যবহার করা হয়। পৃথিবীর জন্য কোনো ঝুঁকি নেই বিজ্ঞানীরা বলছেন, ২০২৬ কিউকিউ৮ গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ার কোনো আশঙ্কা নেই। তবে কোনোভাবে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও এর ক্ষুদ্র আকারের কারণে বায়ুমণ্ডলেই ভেঙে যাওয়ার কথা। ম্যাথিউ পেইনের ভাষ্য, এমন ঘটনা ঘটলেও আকাশে উজ্জ্বল উল্কার মতো দৃশ্য দেখা যেতে পারে এবং সামান্য শব্দ হতে পারে। এতে পৃথিবীর বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর কাছাকাছি আসা এসব গ্রহাণুর অধিকাংশের উৎপত্তি মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মধ্যবর্তী গ্রহাণুপুঞ্জে। সেখানে লাখ লাখ পাথুরে বস্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন মহাজাগতিক বস্তুর মহাকর্ষীয় প্রভাবে এসব গ্রহাণুর কিছু অংশের কক্ষপথ পরিবর্তিত হয়ে পৃথিবীর কাছাকাছি চলে আসে। ভবিষ্যতে আরও মিনি মুনের সন্ধান মিলবে? ম্যাথিউ পেইনের তথ্য অনুযায়ী, জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত পৃথিবীর কাছাকাছি প্রায় ৪০ হাজার মহাজাগতিক বস্তু শনাক্ত করেছেন। আর পুরো সৌরজগতে শনাক্ত করা বস্তুর সংখ্যা প্রায় ১৫ লাখ। তবে ভবিষ্যতে এ সংখ্যা দ্রুত বাড়তে পারে। চিলিতে অবস্থিত ভেরা সি রুবিন অবজারভেটরি ইতিমধ্যে ১০ বছর মেয়াদি ‘লিগ্যাসি সার্ভে অব স্পেস অ্যান্ড টাইম’ (এলএসএসটি) কার্যক্রম পরিচালনা করছে। বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরাযুক্ত টেলিস্কোপটির মাধ্যমে গ্রহাণু, ধূমকেতু ও দূরবর্তী ছায়াপথ পর্যবেক্ষণ করা হচ্ছে। পেইনের আশা, এ পর্যবেক্ষণ কার্যক্রম পুরোপুরি চালু হলে সৌরজগতের পরিচিত মহাজাগতিক বস্তুর সংখ্যা ১৫ লাখ থেকে বেড়ে ৫০ লাখে পৌঁছাতে পারে।  আরটিভি/এসআর  
পৃথিবীর আকাশে এখন ২ চাঁদ, যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা
‘চাঁদের মাটিতে’ আলু ফলালেন বিজ্ঞানীরা
ভবিষ্যতে চাঁদে স্থায়ী বসতি গড়ে তুলতে খাদ্য উৎপাদনে আলু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে...
‘চাঁদের মাটিতে’ আলু ফলালেন বিজ্ঞানীরা
আমেরিকার মর্যাদাপূর্ণ ডেভিসন-জার্মার পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান
প্রখ্যাত বাংলাদেশি পদার্থবিজ্ঞানী অধ্যাপক এম জাহিদ হাসান ২০২৭ সালের আমেরিকার মর্যাদাপূর্ণ ডেভিসন-জার্মার অ্যাটমিক অর সারফেস ফিজিকস পুরস্কার পেয়েছেন।
আমেরিকার মর্যাদাপূর্ণ ডেভিসন-জার্মার পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান
যে কারণে দ্রুত বুড়িয়ে যায় বড় জাতের কুকুর, জানালেন বিজ্ঞানীরা
ছোট জাতের কুকুরের তুলনায় বড় জাতের কুকুরের আয়ু সাধারণত কম। তারা দ্রুত বেড়ে ওঠে, বয়সজনিত রোগে বেশি আক্রান্ত হয় এবং তুলনামূলক কম বয়সে মারা যায়। এত দিন ধরে পরিচিত এই প্রবণতার পেছনের কারণ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, বড় কুকুরের দ্রুত বুড়িয়ে যাওয়ার পেছনে ডিএনএর বিশেষ পরিবর্তন ভূমিকা রাখতে পারে।
যে কারণে দ্রুত বুড়িয়ে যায় বড় জাতের কুকুর, জানালেন বিজ্ঞানীরা
বিশ্ব বিজ্ঞান দিবস আজ
বিশ্ব বিজ্ঞান দিবস আজ (১০ নভেম্বর)।
বিশ্ব বিজ্ঞান দিবস আজ
আরও পড়ুন
বিশেষভাবে তৈরি মশায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার সংক্রমণ কমেছে ৬৯ শতাংশ: গবেষণা
গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
ওষুধের গুণাগুণ থেকে পার্শ্বপ্রতিক্রিয়া, সবই জানা যাবে রাবির গবেষণায়
রাবির শিক্ষা-গবেষণার উন্নয়নে সহযোগিতার আশ্বাস রুহুল কবির রিজভীর