'যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই—পাইলেও পাইতে পারো অমূল্য রতন' প্রচলিত এই কথার বাস্তব উদাহরণ যেন মিলছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়। যে কলাগাছ থেকে ফল সংগ্রহের পর তা একসময় ফেলে দেওয়া হতো বা গবাদিপশুর খাবার হিসেবে ব্যবহৃত হতো, সেই গাছই এখন গ্রামীণ নারীদের আয়ের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
স্থানীয় কয়েকজন নারী ফেলে দেওয়া কলাগাছ সংগ্রহ করে ধাপে ধাপে তা প্রক্রিয়াজাত করে তৈরি করছেন ব্যবহারযোগ্য কাঁচামাল। এই কাঁচামাল দিয়ে পরে তৈরি হচ্ছে দড়ি, ফুলদানি এবং বিভিন্ন শৌখিন সামগ্রী। কাজটি খুব জটিল না হলেও এতে প্রয়োজন সময়, ধৈর্য ও যত্ন। প্রথমে কলাগাছ সংগ্রহ করে তা কয়েক ধাপে রোদে শুকানো হয়। এরপর শুকনো উপাদান বাজারে প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করা হয়।
এই কাঁচামাল থেকে তৈরি পণ্যগুলো দেখতে আকর্ষণীয়, ব্যবহারেও টেকসই এবং পরিবেশবান্ধব হওয়ায় শুধু স্থানীয় বাজারেই নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও এর চাহিদা বাড়ছে। বর্তমানে এ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ২০ জন নারী। যাতায়াত খরচ বাদ দিয়ে তারা মাসে গড়ে প্রায় ৯ হাজার টাকা আয় করছেন। অঙ্কটি খুব বড় না হলেও, এর মাধ্যমে তারা পরিবারে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা দিচ্ছেন।
পরিবেশবান্ধব এই উদ্যোগে যদি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরকারি সহায়তা নিশ্চিত করা যায়, তাহলে এটি দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে পারে। তখন ফেলে দেওয়া কোনো উপকরণ আর অপচয় হিসেবে না থেকে, হয়ে উঠবে নতুন সম্ভাবনার উৎস— যার মাধ্যমে স্বপ্ন বুনবেন দেশের নানা প্রান্তের নারীরা।
আরটিভি/এমএইচজে



