আন্তর্জাতিক নারী ক্রিকেটে বাংলাদেশও ধাপে ধাপে এগোচ্ছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেয়েদের জন্য প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে।
সবকিছু ঠিক থাকলে ৩টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে ৩ থেকে ১৫ এপ্রিল মেয়েদের বিপিএল অনুষ্ঠিত হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করা হয়।
বিসিবি পরিচালক রুবাবা দৌলা জানিয়েছেন, আমরা তিনটি দল নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করব। এটি মেয়েদের ক্রিকেটের জন্য খুব ভালো সুযোগ। দলগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদেরও আনতে পারবে।
প্রথম আসরে দেশি ও বিদেশি ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফট পদ্ধতিতে দলে নেওয়ার সুযোগ থাকবে। তবে কতজন বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে এবং ফ্র্যাঞ্চাইজিগুলো কীভাবে বাছাই করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। রুবাবা দৌলা মেয়েদের বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে, সর্বশেষ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের মেয়েরা সব ম্যাচ জিতে সবার আগে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে। বাছাইপর্বে শীর্ষে থেকে দেশে ফেরায় দলটির মনোবল আরও বৃদ্ধি পেয়েছে।
আরটিভি/এসকে




