ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিশ্বকাপের প্রস্তুতির সময়। ভাইরাল সংক্রমণে আক্রান্ত হওয়ায় তিনি তার ক্লাব সান্তোসের অনুশীলনে অংশ নিতে পারেননি।
রোববার (২৬ এপ্রিল) দলের অনুশীলনে নেইমারের অনুপস্থিতি নজরে আসে। পরে ক্লাব কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত থেকে তিনি ভাইরাল অসুস্থতায় ভুগছেন। চিকিৎসা শুরু করা হয়েছে এবং বর্তমানে তিনি ক্লাবের মেডিক্যাল বিভাগের পর্যবেক্ষণে রয়েছেন।
এক বিবৃতিতে সান্তোস জানায়, নেইমার ওষুধে ভালো সাড়া দিচ্ছেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। তবে এই পরিস্থিতি ক্লাব এবং খেলোয়াড় উভয়ের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, সামনে রয়েছে কোপা সুদামেরিকানার গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে সান্তোসের প্রতিপক্ষ সান লরেজানোর। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার বুয়েনস আইরেসে। এই ম্যাচে নেইমারের অংশগ্রহণ এখনও অনিশ্চিত।
উল্লেখ্য, নেইমারের সঙ্গে অনুশীলনে থাকার কথা ছিল গাবিগোল, উইলিয়ান আরাও এবং ইগর ভিনিসিয়ুসের মতো খেলোয়াড়দের। তারাও আগের ম্যাচে অনুপস্থিত ছিলেন, তবে আর্জেন্টিনা সফরে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।
বিশ্বকাপকে সামনে রেখে নেইমারের প্রতিটি ছোট সমস্যা এখন বড় হয়ে দেখা দিচ্ছে। নিয়মিত খেলার ধারাবাহিকতা বজায় রাখা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসুস্থতার কারণে অনুশীলনে অনুপস্থিতি তার প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে।
তবে ক্লাব সূত্রে জানা গেছে, সুস্থ হয়ে উঠলে তিনি খুব দ্রুত দলের সঙ্গে যোগ দিতে পারেন এবং আর্জেন্টিনা সফরে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
আরটিভি/এসকে



