বার্সেলোনা উইঙ্গার রাফিনহাকে দলে ভেড়াতে সৌদি প্রো লিগের একাধিক ক্লাব বড় অঙ্কের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ইউরোপীয় গণমাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে, প্রায় ৯০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩শ কোটি টাকা) পর্যন্ত প্রস্তাব আসতে পারে।
আর্থিক সংকটে থাকা কাতালান ক্লাবটির জন্য এই অঙ্ক বড় স্বস্তির সুযোগ তৈরি করলেও সিদ্ধান্তটি সহজ নয়। কারণ, ২০২৫ সালের মে মাসে নতুন চুক্তি করে ২০২৮ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার রাফিনহা। ফলে শুধু অর্থনৈতিক প্রস্তাব নয়, খেলোয়াড়ের ইচ্ছাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র অনুযায়ী, সৌদি ক্লাবগুলো বার্সেলোনার অবস্থান যাচাই করছে এবং শিগগিরই আনুষ্ঠানিক প্রস্তাব দিতে পারে। সম্ভাব্য চুক্তিতে রাফিনহার বর্তমান বেতনের তুলনায় অনেক বেশি পারিশ্রমিকের প্রস্তাবও থাকবে।
মাঠের পারফরম্যান্সে রাফিনহা বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম ভরসা। চলতি মৌসুমে তিনি ৩১ ম্যাচে ১৯ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন, যদিও চোটের কারণে বেশ কিছু ম্যাচ মিস করেছেন।
বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকও তার গুরুত্বের কথা একাধিকবার উল্লেখ করেছেন। দলের কৌশলগত ভারসাম্য ও ড্রেসিংরুমে তার প্রভাবকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।
সব মিলিয়ে বার্সেলোনার সামনে এখন দ্বিমুখী সিদ্ধান্ত দলের পারফরম্যান্স ধরে রাখা, নাকি বড় অঙ্কের প্রস্তাবে আর্থিক স্বস্তি খোঁজা। সৌদি প্রস্তাব আনুষ্ঠানিকভাবে এলে ক্লাব তা ক্রীড়া ও অর্থনৈতিক দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
আরটিভি/এসকে



