পাকিস্তান থেকে হারের স্বাদ নিয়ে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৮:৪৩ পিএম


পাকিস্তান থেকে হারের স্বাদ নিয়ে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরাজয়ের হতাশা নিয়েই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুক্রবার (৫ জুন) বিকেলে ঢাকায় পৌঁছায় সফরকারীদের প্রথম বহর। পরে আরও কিছু ক্রিকেটার আলাদা ফ্লাইটে দলের সঙ্গে যোগ দেবেন।

বিকেল ৫টা ২৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অস্ট্রেলিয়া দলের প্রথম গ্রুপ। সফরে তারা সাদা বলের দুটি সিরিজে অংশ নেবে।

আগামী ৯ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১১ ও ১৪ জুন একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল চট্টগ্রামে যাবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। বীরশ্রেষ্ঠ শহিদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল এই সফরে পূর্ণ শক্তির দল নামায়নি। বিশ্রাম ও ভবিষ্যৎ পরিকল্পনার কারণে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসকে দলে রাখা হয়নি।

বিশেষ করে ম্যাক্সওয়েল ও স্টয়নিসের অনুপস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তারা চোটমুক্ত থাকলেও টি-টোয়েন্টি দলে জায়গা পাননি। অন্যদিকে স্টিভেন স্মিথও টি-টোয়েন্টি স্কোয়াডে নেই, যা তার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

এই সফরে কয়েকজন নতুন খেলোয়াড়কে সুযোগ দিয়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার লিয়াম স্কট এবং টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিস। তাদের পারফরম্যান্সের দিকেই নজর থাকবে নির্বাচকদের।

বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে আসে অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচে ৪ উইকেটে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করে তারা। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সিরিজের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। দর্শকেরা নির্ধারিত ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। 

মিরপুরে ম্যাচগুলোর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ক্যাটাগরি অনুযায়ী গ্র্যান্ড স্ট্যান্ড ২,৫০০ টাকা, আন্তর্জাতিক গ্যালারি ১,৫০০ টাকা, ক্লাব হাউস ৬০০ টাকা, নর্দার্ন গ্যালারি ৪০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা।

আরও পড়ুন

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই সিরিজকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অভিজ্ঞ কয়েকজন তারকার অনুপস্থিতি এবং নতুনদের সুযোগ সব মিলিয়ে সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের বিপক্ষে এই লড়াই শুরু হবে মিরপুরে ৯ জুন থেকে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission