লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই তারকাকে ঘিরে ‘কে সেরা’ বিতর্ক দীর্ঘদিনের। প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবলকে শাসন করা এই দুই মহাতারকা ব্যক্তিগত অর্জন ও রেকর্ডে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই চালিয়ে গেছেন।
তবে মেক্সিকোর খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক ফাইটেলসন মনে করেন, মেসি ও রোনালদোর তুলনা করা গেলেও পেলে, ম্যারাডোনা ও মেসির সঙ্গে একই কাতারে রোনালদোকে রাখা যায় না।
সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে ফাইটেলসন বলেন, আমি ক্রিশ্চিয়ানো রোনালদোকে শুধুমাত্র মেসির সঙ্গে তুলনা করব। কিন্তু মেসিকে তুলনা করব পেলে, ম্যারাডোনার সঙ্গে। আমার বিশ্বাস, পেলে, ম্যারাডোনা ও লিওনেল মেসি যে টেবিলে বসবেন, সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গা নেই।
ফাইটেলসনের মতে, মেসি ও রোনালদো তাদের প্রজন্মের সেরা দুই ফুটবলার হলেও সর্বকালের সেরা ফুটবলারদের আলোচনায় মেসি আলাদা অবস্থানে রয়েছেন। বিশেষ করে ২০২২ সালে ফিফা বিশ্বকাপ জয়ের পর মেসির অবস্থান আরও শক্ত হয়েছে বলে মনে করেন অনেক ফুটবল বিশ্লেষক।
ব্যক্তিগত অর্জনের দিক থেকেও মেসি এগিয়ে রয়েছেন। তিনি রেকর্ড আটবার ব্যালন ডি অর জিতেছেন, যেখানে রোনালদোর ঝুলিতে রয়েছে পাঁচটি। বিশ্বকাপ জয়ের পর ‘সর্বকালের সেরা’ বিতর্কে মেসির নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।
তবে ফুটবলপ্রেমীদের মধ্যে মেসি-রোনালদো বিতর্ক এখনও শেষ হয়নি। দুই কিংবদন্তির অর্জন, প্রভাব ও অবদান নিয়ে আলোচনা চলছেই, আর সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন ডেভিড ফাইটেলসনের এই মন্তব্য।
আরটিভি/এসকে



