বয়স ৩৯ ছুঁয়েছে, কিন্তু মাঠে প্রভাব বিস্তারের ক্ষমতা যেন আরও বেড়েছে লিওনেল মেসির। গতি ও স্প্রিন্ট কমিয়ে শক্তি সঞ্চয়ের নতুন কৌশলে ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত সফল আর্জেন্টিনা অধিনায়ক। পরিসংখ্যান বলছে, ম্যাচের বড় একটি অংশ হেঁটে কাটালেও সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ঠিকই পার্থক্য গড়ে দিচ্ছেন তিনি।
বিবিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বিশ্বকাপে মেসি তার মোট অতিক্রম করা দূরত্বের ৪৭ শতাংশই হেঁটেছেন, যা টুর্নামেন্টের সব আউটফিল্ড খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। প্রতি ৯০ মিনিটে তিনি গড়ে ৮.২ কিলোমিটার পথ অতিক্রম করছেন এবং প্রতি ম্যাচে স্প্রিন্ট দিচ্ছেন মাত্র ২.৭টি। ২০২২ কাতার বিশ্বকাপে যেখানে তার গড় স্প্রিন্ট ছিল ৫.৩।
তবে দৌড় কমলেও কমেনি কার্যকারিতা। বরং এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৩টি শট নিয়েছেন মেসি এবং সতীর্থদের জন্য তৈরি করেছেন ২১টি গোলের সুযোগ। ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার পর বিশ্বকাপে কোনো ফুটবলারের এটি সর্বোচ্চ সম্মিলিত শট ও সুযোগ সৃষ্টির রেকর্ড। অর্থাৎ, কম দৌড়েও ম্যাচে তার প্রভাব আগের চেয়ে আরও বেশি।
চলতি আসরে আরও একটি বড় মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙে এখন তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২১। গোল্ডেন বুটের লড়াইয়েও আট গোল নিয়ে শীর্ষে রয়েছেন তিনি।
মেসির এই রূপান্তর দীর্ঘ ক্যারিয়ারের স্বাভাবিক বিবর্তনেরই অংশ। বার্সেলোনায় ক্যারিয়ারের শুরুতে ছিলেন গতিময় উইঙ্গার, পরে খেলেছেন ‘ফলস নাইন’ হিসেবে। আর এখন আর্জেন্টিনা ও ইন্টার মায়ামিতে অনেকটা গভীর থেকে খেলায় ছন্দ এনে দেওয়া প্লেমেকারের ভূমিকায় দেখা যায় তাকে।
নিজের এই পরিবর্তনের কৃতিত্ব দিয়েছেন সাবেক কোচ পেপ গার্দিওলাকে। মেসির ভাষায়, গার্দিওলার অধীনে খেলেই তিনি ফাঁকা জায়গা খুঁজে নেওয়া, বলের দখল ধরে রাখা এবং আধুনিক ফুটবলের কৌশলগত দিকগুলো গভীরভাবে বুঝতে শিখেছেন। তার মতে, বর্তমান ফুটবল আগের তুলনায় অনেক বেশি কৌশলনির্ভর ও শারীরিক লড়াইয়ের।
এদিকে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার দিবাগত রাত ১টায় আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামা আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা অধিনায়ক নিজেই। কারণ বিশ্বকাপে তার সর্বশেষ ১৫ ম্যাচের মধ্যে কেবল পোল্যান্ডই তাকে গোল বা অ্যাসিস্ট করতে বাধা দিতে পেরেছে।
আরটিভি/এসকে



