বিশ্বকাপের শুরু থেকেই টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনা ছিল। তবে ফাইনালকে ঘিরে সেই দাম এখন পৌঁছেছে নতুন রেকর্ডে। শেষ মুহূর্তে ঐতিহাসিক এই ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ থেকে ৭৪ লাখ টাকার সমান।
শনিবার সকালে ফিফার অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে গোলপোস্টের পেছনের গ্যালারির সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছিল ৬,৪১১.২৫ ডলার (প্রায় ৮ লাখ টাকা)। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই টিকিট বিক্রি হয়ে যায়। এরপর সবচেয়ে কম দামের টিকিটও বেড়ে দাঁড়ায় প্রায় ১০ হাজার ডলারে।
বর্তমানে স্টেডিয়ামের আপার ডেকের কর্নার অংশের টিকিটের দাম প্রায় ১০ হাজার ডলার (প্রায় ১২ লাখ টাকা)। মাঠের আরও কাছাকাছি আসনের জন্য গুনতে হচ্ছে প্রায় ১৬ হাজার ডলার। আর বিশেষ হসপিটালিটি প্যাকেজের টিকিটের মূল্য পৌঁছেছে প্রায় ৬০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকা।
টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক ও স্টাবহাবেও একই চিত্র দেখা যাচ্ছে। সেখানে আপার ডেকের টিকিটের দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার ডলার থেকে, আর লোয়ার বোলের কিছু আসনের মূল্য উঠেছে প্রায় ৩৫ হাজার ডলারে।
এবারের বিশ্বকাপ ফাইনাল ঘিরে বাড়তি উত্তেজনার অন্যতম কারণ, প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। একই সঙ্গে এটি বিশ্বকাপে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ হওয়ায় বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
ফাইনালে আর্জেন্টিনা মাঠে নামবে তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে। পাশাপাশি ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার সুযোগও রয়েছে তাদের সামনে। সর্বশেষ ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল টানা দুটি বিশ্বকাপ জিতেছিল।
অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। চলতি আসরে লিওনেল মেসি এখন পর্যন্ত ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন। এটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল।
উল্লেখ্য, গত মার্চে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ম্যাচটি বাতিল হয়। শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনালেই মুখোমুখি হচ্ছে সাম্প্রতিক সময়ের ফুটবলের দুই পরাশক্তি।
আরটিভি/এসকে




