
আর্জেন্টিনার রোজারিওতে বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার ভোরে রোজারিওর সানাতোরিও সেন্ট্রো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি।
স্থানীয় সময় রোববার সকালে রোজারিওর উপকণ্ঠে অবস্থিত বেসরকারি এল প্রাদো সমাধিক্ষেত্রে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। পারিবারিক এই আয়োজনে মেসির সঙ্গে ছিলেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তান। শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত বিমানে রোজারিও পৌঁছান তারা। পরে মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সোলের সঙ্গে যোগ দেন।
পরিবারের ব্যক্তিগত সময় ও নিরাপত্তা নিশ্চিত করতে দুপুর থেকে এল প্রাদো সমাধিক্ষেত্র দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়। শেষ বিদায়ের সময় সেখানে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা।
হোর্হে মেসির মৃত্যুর খবরে মেসির জন্মশহর রোজারিওতেও নেমে আসে শোকের ছায়া। বিমানবন্দর ও সমাধিক্ষেত্রের বাইরে ভক্তরা মেসির প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন বার্তা রেখে যান। একটি বার্তায় লেখা ছিল, ‘শক্ত থাকো লিও, আমরা তোমাকে ভালোবাসি।’
মেসি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রোজারিওর মেয়র পাবলো জাভকিন। পরিবারের শেষ বিদায় নির্বিঘ্ন করতে স্থানীয় সরকার প্রয়োজনীয় সহযোগিতা করেছে বলেও জানান তিনি।
হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) নির্দেশে চলতি সপ্তাহান্তে দেশটির সব পেশাদার ও যুব পর্যায়ের ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। একই সঙ্গে খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশ দেওয়া হয়েছে।
মেসির শৈশবের ক্লাব আবান্দেরাদো গ্রানদোলিওও হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। মাত্র চার বছর বয়সে এই ক্লাবেই ফুটবলের প্রথম পাঠ নিয়েছিলেন লিওনেল মেসি। পুরোনো একটি ছবি প্রকাশ করে ক্লাবটি জানায়, হোর্হে মেসি তাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এবং একসময় ক্লাবটির কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছোট্ট লিওনেলের ফুটবলের প্রথম দিনগুলোতেও তিনি ছিলেন পাশে।
বাবার সঙ্গে মেসির সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। দীর্ঘদিন ধরে ছেলের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হোর্হে মেসির মৃত্যুতে শোকের আবহ নেমে এসেছে পুরো রোজারিওজুড়ে।
আরটিভি/এসকে




