
তোপের মুখে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন ক্যামেরুনের ফুটবল কিংবদন্তি স্যামুয়েল ইতো। বিতর্কিত বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারত্ব পরিকল্পনাকে কেন্দ্র করে পদত্যাগের চাপের মুখে থাকা এই সুইস-ইতালিয়ান ফুটবল প্রশাসকের পাশে দাঁড়িয়ে ইতো বলেছেন, ইনফান্তিনো কোনো ভুল করেননি।
বিশ্বকাপের পর ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক অংশীদারত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। এ পরিকল্পনার বিরোধিতা করে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় উয়েফা। তাদের সঙ্গে আরও কয়েকটি মহাদেশীয় ও জাতীয় ফুটবল ফেডারেশনও ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি আস্থা হারানোর কথা জানায়।
তবে ভিন্ন অবস্থানে রয়েছেন ক্যামেরুন ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি স্যামুয়েল ইতো। ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ওঠা সমালোচনাকে তিনি রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। ইতোর মতে, আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনকে সামনে রেখেই ইনফান্তিনোর বিরুদ্ধে সমালোচনার ঢেউ তৈরি করা হচ্ছে।
আফ্রিকার রেকর্ড চারবারের বর্ষসেরা ফুটবলার সিএনএনকে বলেন, আমি মনে করি না প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো কোনো ভুল করেছেন। আমার মনে হয় নির্বাচন আসন্ন, তাই এসবকিছুর জন্য এই সময়টা বেছে নেওয়া হয়েছে।
সম্প্রতি অনাস্থা ভোটের শঙ্কা বাড়ায় চাপে রয়েছেন ইনফান্তিনো। উয়েফার পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন ও কনকাকাফও তার নেতৃত্বের প্রতি আস্থা হারানোর কথা জানিয়েছে। তবে আফ্রিকান ফুটবল কনফেডারেশন এই মাসের শুরুতেই ইনফান্তিনোর প্রতি সর্বসম্মত সমর্থন নিশ্চিত করেছে। ইতোর বক্তব্যে সেই অবস্থান আরও শক্তিশালী হলো।
ইন্টার মিলান ও বার্সেলোনার হয়ে টানা দুটি চ্যাম্পিয়নস লিগ জেতা প্রথম খেলোয়াড় ইতো আফ্রিকার দেশগুলোকেও ইনফান্তিনোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
তার ভাষায়, প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ফুটবল বদলে দিয়েছেন। যারা আগে বিশ্বের সবচেয়ে সুন্দর এই টুর্নামেন্ট বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেত না, তিনি তাদের জন্য সুযোগ তৈরি করেছেন। ছোট দেশগুলোকে বড় প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দিয়েছেন।
আফ্রিকান ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর ভূমিকার কথাও তুলে ধরেন ইতো। তিনি বলেন, ফিফা সভাপতির কাছ থেকে আফ্রিকার ফুটবল ফেডারেশনগুলোর উন্নয়নে সহায়তা এসেছে এবং তার অবদানকে স্বীকৃতি দেওয়া উচিত।
ইতোর মতে, এখন পর্যন্ত ফুটবলের উন্নয়নে ইনফান্তিনো যা করেছেন, সেজন্য তার প্রতি সমর্থন ও স্বীকৃতি জানানো উচিত।
আরটিভি/এসকে




