
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও কোর্টে ফিরছেন টেনিস বিশ্বের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার। নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোজে সমর্থকদের সামনে বিশেষ এক প্রদর্শনী ম্যাচে অংশ নিতে যাচ্ছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সুইস তারকা।
মঙ্গলবার (২৫ আগস্ট) ইউএস ওপেনের মূল পর্ব শুরুর আগে অনুষ্ঠিত হবে বিশেষ এই ম্যাচ। ২০১৯ সালে সর্বশেষ ইউএস ওপেনে খেলেছিলেন ফেদেরার। এরপর আর ফ্ল্যাশিং মিডোজে ভক্তদের সামনে কোর্টে নামা হয়নি তার।
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানো এবং আনুষ্ঠানিকভাবে বিদায় বলার সুযোগ হিসেবেই এই প্রত্যাবর্তন বলে জানিয়েছেন ফেদেরার।
অর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রদর্শনী ম্যাচে ফেদেরারের সঙ্গে থাকবেন টেনিসের আরও কয়েকজন কিংবদন্তি। তাদের মধ্যে রয়েছেন সাবেক বিশ্বসেরা অ্যান্ডি রডিক, আন্দ্রে আগাসি ও জন ম্যাকেনরো।
‘রজার ফেদেরার অ্যান আইকন রিটার্নস টু নিউইয়র্ক’ শিরোনামের এই আয়োজন ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। টিকিটের ব্যাপক চাহিদার কারণে পুনরায় বিক্রির বিভিন্ন প্ল্যাটফর্মে একেকটি টিকিটের দাম ২ হাজার ডলারেরও বেশি হাঁকা হচ্ছে।
তবে এই প্রদর্শনী ম্যাচকে পেশাদার টেনিসে ফেরার ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই। ৪৩ বছর বয়সী ফেদেরার স্পষ্ট জানিয়েছেন, ওয়াইল্ড কার্ড নিয়ে আবারও প্রতিযোগিতামূলক টেনিসে ফেরার কোনো পরিকল্পনা নেই তার। শরীর এখন আর দীর্ঘ ও কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত নয় বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, আগামী শনিবার ফেদেরারকে আনুষ্ঠানিকভাবে টেনিস হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে। তার পরদিন থেকেই শুরু হবে ইউএস ওপেনের মেনস সিঙ্গেলসের মূল লড়াই।
অবসর নেওয়ার পরও টেনিসপ্রেমীদের হৃদয়ে ফেদেরারের আবেদন যে এতটুকুও কমেনি, নিউইয়র্কে তার এই বিশেষ প্রত্যাবর্তনই যেন তার সবচেয়ে বড় প্রমাণ।
আরটিভি/এসকে




