ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বড় শাস্তির মুখে ইমাম-রিজওয়ান, তদন্তে পিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন পাকিস্তানের দুই অভিজ্ঞ ক্রিকেটার ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ান। অধারাবাহিক পারফরম্যান্সের সমালোচনার মধ্যেই স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর মধ্যে ইমামের চোট নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন, অন্যদিকে রিজওয়ানের শৃঙ্খলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড।

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পায়ের চোটের কারণে পাকিস্তানের হয়ে দুই ইনিংসেই ব্যাটিংয়ে নামেননি ইমাম-উল-হক। তবে তার চোট নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চোটের ঘটনা তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে ইমামকে এক থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করতে পারে পিসিবি।

ইমামের বিরুদ্ধে ভুয়া বা অতিরঞ্জিত চোটের অভিযোগ অবশ্য নতুন নয়। ২০২৫ সালের মার্চে নিউজিল্যান্ড সফরের একটি পুরোনো ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ওই সফরে ইনডোর নেট সেশনে একটি বল ইমামের ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত করার পর তিনি চোটের লক্ষণ অতিরঞ্জিত করেছিলেন এবং চিকিৎসা দলের সদস্যদের বিভ্রান্ত করার অভিযোগ ওঠে।

এবার লর্ডস টেস্টের ঘটনার পর বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নামছে পিসিবি। তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার প্রস্তুতিও নিচ্ছেন পাকিস্তানের বাঁহাতি এই ওপেনার। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, মোহাম্মদ রিজওয়ানের শৃঙ্খলা নিয়েও বোর্ডের গুরুতর উদ্বেগ রয়েছে বলে জানিয়েছে জিও নিউজ। এ বিষয়ে সাবেক অধিনায়ককে তলব করা হতে পারে। বোর্ডের কাছে তার জবাব সন্তোষজনক না হলে ভবিষ্যতে পাকিস্তান জাতীয় দলে তার জায়গা নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের স্কোয়াড থেকে ইমাম ও রিজওয়ানের সঙ্গে বাদ পড়েছেন সালমান আলী আগা, আলী উসমান, আমের জামাল, মুহাম্মদ আওয়াইস জাফর ও খুররম শেহজাদ। সিরিজের মাঝপথে একসঙ্গে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর ঘটনায় পাকিস্তান ক্রিকেটে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

এরই মধ্যে কোচিং স্টাফ ও নির্বাচক প্যানেল নিয়েও এসেছে পরিবর্তন। টেস্ট দলের কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে অব্যাহতি দেওয়ার পর নির্বাচক প্যানেলের সদস্য মিসবাহ-উল-হকও পদত্যাগপত্র দিয়েছেন।

সব মিলিয়ে ইংল্যান্ড সিরিজের ব্যর্থতার পাশাপাশি মাঠের বাইরের নানা ঘটনায় চাপে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইমাম-রিজওয়ানের বিরুদ্ধে তদন্ত ও সম্ভাব্য শাস্তির বিষয়টি সেই সংকটকে আরও গভীর করতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ গায়েব
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে বিপাকে পড়েছেন বিভাগীয় দলের চার ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যানে দলের ৫৪টি লাগেজের মধ্যে তাঁদের আটটি গায়েব হয়ে গেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজশাহীর হোটেলে লাগেজ নামানোর সময় বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় দলের ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। লাগেজ উদ্ধারে কাজ করছে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে বুধবার সকালে আকাশপথে রাজশাহী ফেরেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা।  এর আগের রাতে দলের ৫৪টি লাগেজ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল বিসিবির একটি কাভার্ড ভ্যান। সকালে রাজশাহী নগরের একটি হোটেলে কাভার্ড ভ্যানটি পৌঁছালে লাগেজ নামানোর সময় আটটি লাগেজের খোঁজ পাওয়া যায়নি। জিডিতে মেহেরব হাসান উল্লেখ করেন, কাভার্ড ভ্যানের চালক সজীবের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, রাজশাহী আসার পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে গাড়ির পেছনের দরজা পরীক্ষা করে তালাবদ্ধ দেখেছিলেন চালক। জিডির তথ্য অনুযায়ী, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পুঠিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে আসা অন্য একটি গাড়ির চালক সজীবকে জানান, কাভার্ড ভ্যানের পেছনের দরজা খোলা। এরপর পুঠিয়া বাজার পার হওয়ার আগেই নাটোরের দিকে একটি জ্বালানি তেলের পাম্পের সামনে গাড়ি থামিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে দরজা বন্ধ করে রাজশাহীর উদ্দেশে রওনা হন। সকাল ছয়টার দিকে রাজশাহীর হোটেলে পৌঁছানোর পর লাগেজ নামাতে গিয়ে আটটি লাগেজ না থাকার বিষয়টি ধরা পড়ে। গায়েব হওয়া আটটি লাগেজের মধ্যে মেহেরব হাসানের লাগেজে ছিল তাঁর পাসপোর্ট, একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ তিন লাখ টাকা, প্রায় ৭০ হাজার টাকা মূল্যের তিনটি সুগন্ধি এবং ব্যবহৃত পোশাক। জিডিতে তাঁর আইফোনটির মূল্য ৮০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। আরও যে তিন ক্রিকেটারের লাগেজ গায়েব হয়েছে, তাঁরা হলেন আব্দুল কাদের, মোহর শেখ অন্তর ও মো. ওয়ালিদ। রাজশাহী বিভাগীয় দলের ব্যবস্থাপক তৌহিদ তারেক বলেন, ‘এ ঘটনায় আমরা বিব্রত। বিষয়টি পুলিশ-প্রশাসনকে জানিয়েছি। ক্রিকেটারদের লাগেজ উদ্ধারে তাঁরা কাজ করছেন।’ রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘জিডি আমাদের থানায় হয়েছে। কিন্তু ঘটনাস্থল নাটোর কিংবা রাজশাহী জেলার মধ্যে হবে। দুই জেলা পুলিশ কাজ করছে। আমরা প্রযুক্তিগত সহযোগিতা করছি। তদন্ত চলছে।’ আরটিভি/এসআর
বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ গায়েব
অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল
প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচটা জিতে সম্মান রক্ষার কথা জানিয়েছিলেন শারমিন আক্তার সুপ্তা। কিন্তু নিজের কথা রাখতে পারেননি তিনি। এতে অজিদের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো লাল-সবুজের প্রতিনিধিরা। এদিন বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার (১৪ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ দশমিক ৫ ওভারে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে মাত্র ২২ দশমিক ৪ ওভারে ২ উইকেটে ১৭৫ রান তুলে নেয় স্বাগতিকরা। ১৬৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। ১৭৩ রানের লক্ষ্য তাড়ায় অবশ্য শুরুতে কিছুটা ধাক্কা খেয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারে জর্জিয়া ভলকে (১১) এলবিডব্লিউ করেন সুলতানা খাতুন। এরপর নিজের শততম ওয়ানডে খেলতে নামা বেথ মুনিকে ২১ রানে বোল্ড করেন দিশা বিশ্বাস। মাত্র ৩৮ রানে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। তবে বাংলাদেশের সেই সাফল্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটি গড়ে ম্যাচ শেষ করেন পেরি ও সাদারল্যান্ড। শুরুতে কিছুটা দেখেশুনে খেললেও দ্রুতই আক্রমণাত্মক হয়ে ওঠেন তাঁরা। বিশেষ করে সাদারল্যান্ডের ব্যাটে দ্রুত রান উঠতে থাকে। মাত্র ৫২ বলে ১২টি চারে অপরাজিত ৭৪ রান করেন তিনি। অন্যদিকে পেরি ৬৪ বলে ৮টি চারে অপরাজিত থাকেন ৬৫ রানে। দুজনের দাপটে বাংলাদেশের আর কোনো বোলারই উইকেটের দেখা পাননি। এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মেগান শাটের বোলিংয়ে মাত্র ১৮ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা। মুর্শিদা খাতুন ১, শারমিন সুলতানা ৬ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩ রান করে ফেরেন। এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারীকেও ৯ রানে ফেরান শাট। ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে তখন বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। পঞ্চম উইকেটে ৫৪ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন দুজন। ৯৩ বলে ৮টি চারে ৫০ রান করে এলিস পেরির বলে আউট হন শারমিন। এরপরও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান স্বর্ণা। ৭১ বলে ৪টি চারে ৫৪ রান করেন স্বর্ণা। শেষদিকে দিশা বিশ্বাস ১৩ রানে অপরাজিত থাকলে বাংলাদেশের সংগ্রহ পৌঁছায় ১৭২-এ। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেন শাট। ১০ ওভারে পাঁচটি মেডেনসহ মাত্র ১৬ রান দিয়ে চার উইকেট নেন তিনি। সাদারল্যান্ড ও অ্যাশলি গার্ডনার নেন দুটি করে উইকেট। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরার পুরস্কারও পেয়েছেন শাট। আরটিভি/এসআর
অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের লিটন দাস ও হাসান মাহমুদ। আইসিসির সবশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে তিন ধাপ এবং বোলিংয়ে সাত ধাপ এগিয়েছেন তারা।
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরও পড়ুন
পাকিস্তান ক্রিকেটে গণছাঁটাইয়ের ‘গোমর’ ফাঁস করলেন শোয়েব আখতার
রিজওয়ান-ইমামসহ ৭ জনকে দেশে পাঠাল পাকিস্তান