
বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছে নেপাল। দেশটির এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
দুই দেশের আন্তর্জাতিক সূচি সমন্বয় করা সম্ভব হলে আগামী বছরই প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হতে পারে বাংলাদেশ ও নেপাল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেপাল। তবে এখন পর্যন্ত দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলেনি দুই দল।
সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে দুই দেশের জাতীয় ক্রিকেট দলের মধ্যে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আগ্রহের কথা জানান তিনি। এরপর বিষয়টি নিয়ে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা শুরু করেছে বিসিবি।
বিসিবির ক্রিকেট পরিচালনা ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস জানিয়েছেন, নেপালের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি আগে থেকেই বেশ ব্যস্ত। সেই ব্যস্ততার মধ্যেই সিরিজ আয়োজনের জন্য উপযুক্ত সময় বের করার চেষ্টা করছে বিসিবি।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের শাহরিয়ার নাফীস বলেন, দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। সময় মেলানো সম্ভব হলে চলমান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চক্রের মধ্যেই নেপালের বিপক্ষে সিরিজটি আয়োজন করা হতে পারে।
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের অনুপ্রাণিত করার উদ্যোগ হিসেবেও বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের বিষয়টি সামনে এসেছে বলে জানা গেছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী বছরের শুরুতেই সিরিজটি আয়োজনের সুযোগ রয়েছে।
তবে এর আগে বেশ ব্যস্ত সময় পার করতে হবে বাংলাদেশ দলকে। অস্ট্রেলিয়া সফর শেষে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের প্রস্তুতি নেবে টাইগাররা। চলতি মাসের শেষ দিকে এশিয়ান গেমস শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্টের পাশাপাশি জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজও খেলবে তারা।
এরপর আন্তর্জাতিক সূচির ফাঁকে নেপালের বিপক্ষে সিরিজ আয়োজনের সুযোগ তৈরি হলে দুই দেশের ক্রিকেট ইতিহাসে যোগ হতে পারে নতুন এক অধ্যায়।
আরটিভি/এসকে


