
আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে হোম অব ক্রিকেটে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। ক্যাম্প শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। তবে ক্যাম্পের প্রথম দিনের অনুশীলন মিস করেছেন এক ঝাঁক তারকা খেলোয়াড়।
রোববার (১৩ সেপ্টেম্বর) ক্যাম্প শুরু হলেও দলের অনেকেই অনুপস্থিত ছিলেন। এদিন অনুশীলন করেছেন লিটন কুমার দাস, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, তানজিদ তামিম ও মোস্তাফিজুর রহমান।
এর বাইরে কেউ ছুটিতে রয়েছেন, কেউবা এখনও দেশের বাইরে রয়েছেন। ছুটিতে থাকা পেসার শরিফুল ইসলাম ১৫ সেপ্টেম্বর দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলা হাসান মাহমুদ এখনো দেশে ফেরেননি।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ক্রিকেটাররাও প্রথম দিনের ক্যাম্পে ছিলেন না। এদিকে এশিয়ান গেমসে খেলতে দেশ ছাড়ার আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
দিনের আলোতে হওয়া সেই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ২১ এবং ২২ সেপ্টেম্বরে। এবারের এশিয়ান গেমস বসবে জাপানের আইচি ও নাগোয়ায়। ২০তম আসরটি চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর।
র্যাঙ্কিংয়ের সুবাদে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। ফলে গ্রুপ পর্বে খেলতে হবে না টাইগারদের। ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল।
‘বি’ গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। এই তিন দলের লড়াই থেকে যে দল গ্রুপসেরা হবে, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।
আরটিভি/এসআর




