ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

কয়েকদিন আগেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। বিষয়টি আমলে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী বছর নেপালে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালের আকস্মিক বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের উৎসর্গ করা হবে সিরিজটি।
সূচি অনুসারে, আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ নেপালের কাঠমান্ডুতে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ ও নেপালের এই সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির বৈঠকের মাধ্যমে। সেখানে নেপালে ক্রিকেট সিরিজ খেলার আমন্ত্রণ জানান নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
বিষয়টি নিয়ে আজ বিসিবি কার্যালয়ে সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ দলের নেপাল সফরের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নেপালের ক্রিকেট উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ। দুই দেশের মধ্যে পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে সহযোগিতার সুযোগ রয়েছে।
মার্চের তিন ম্যাচের সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের ক্রিকেট সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি দুই দেশের খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরটিভি/এসআর




