
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় রান করে এই কীর্তি গড়েন তিনি। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন লিটন।
ম্যাচ শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের মোট রান ছিল ৮ হাজার ৯২৯। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে মাইলফলকটি স্পর্শ করতে তার প্রয়োজন ছিল মাত্র ১৮ রান।
চতুর্থ দিনের খেলা শুরু করেন আগের দিনের ৫ রান নিয়ে। এরপর ইনিংসের ৭৬তম ওভারের শেষ বলে জিয়া উর রহমানের বলে এক রান নিয়ে ৯ হাজার রানের সীমা অতিক্রম করেন বাংলাদেশের এই ডানহাতি ব্যাটার।
লিটনের আগে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার বা তার বেশি রান করেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।
এদিকে মাইলফলক স্পর্শের পথে দ্বিতীয় ইনিংসে দুবার আউট হওয়ার শঙ্কায় পড়েন লিটন। তবে দুইবারই ক্যাচ ছাড়ায় বেঁচে যান তিনি। কায়েস আহমেদের বলে ব্যক্তিগত ১৪ রানে প্রথমবার জীবন পান এই ব্যাটার। স্লিপে তার ক্যাচ নিতে ব্যর্থ হন কামাল।
পরে ২৬ রানে আবারও ক্যাচ তুলে দেন লিটন। এবার বোলার কায়েস আহমেদ নিজেই ক্যাচটি ধরতে পারেননি। ওই সময় চোটের ব্যথায় তাকে কাতরাতেও দেখা যায়।
দুইবার জীবন পেয়ে সুযোগ কাজে লাগান লিটন। ৬১ বলে টানা দ্বিতীয় ইনিংসে অর্ধশতক পূর্ণ করেন তিনি। বাউন্ডারি মারার সুযোগ পেলেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইনিংস এগিয়ে নেন বাংলাদেশের এই ব্যাটার।
আরটিভি/এসকে




