
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। জায়গা পেয়েছেন ইনজুরি কাটিয়ে ফেরা লিটন দাস। তবে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা সৌম্য সরকার ও সৈয়দ খালেদ আহমেদ বাদ পড়েছেন।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে ক্যারিবীয়রা। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
ঢাকা টেস্টের দলে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। পেস আক্রমণে তাসকিনের সঙ্গে আছেন হাসান মাহমুদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে রয়েছেন নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন লিটন দাস। তার অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তাওহীদ হৃদয়। এবার টেস্ট দলে ফিরেছেন লিটন।
সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে হতাশাজনক হারের অভিজ্ঞতা পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে বাংলাদেশের। ঘরের মাঠে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দিয়ে আত্মবিশ্বাস ফেরাতে চাইবে টাইগাররা।
ঢাকায় প্রথম টেস্ট শেষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে সিলেটে যাবে দুই দল। আগামী ৫ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
ঢাকা টেস্টে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মো. সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
আরটিভি/এসকে




