
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর মাঝমাঠের অন্যতম ভরসা হয়ে উঠেছেন স্প্যানিশ তারকা রদ্রি। লা লিগায় টানা দুই মৌসুমের সাফল্য থাকলেও দীর্ঘ এক যুগ ধরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারেনি কাতালান ক্লাবটি। ইউরোপের সেরা মঞ্চে নিজেদের হারানো অবস্থান ফিরে পেতে রদ্রিকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা।
তবে দলকে এখনই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম ফেবারিট মনে করছেন না রদ্রি। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপসেরা হতে হলে বার্সেলোনাকে এখনো কয়েকটি ধাপ পেরোতে হবে।
রদ্রি বলেন, চ্যাম্পিয়ন্স লিগ জেতা আমাদের জন্য বাস্তবসম্মত লক্ষ্য। তবে আমি মনে করি না আমরা এই টুর্নামেন্টের ফেবারিট। ইউরোপে নিজেদের প্রকৃত শক্তি দেখাতে আমাদের এখনো শেষ ধাপটি পার হতে হবে।
চ্যাম্পিয়ন্স লিগে শুধু আক্রমণাত্মক ফুটবল খেললেই সাফল্য পাওয়া যায় না বলেও মনে করেন রদ্রি। নকআউট পর্বে ছোট ভুল, লাল কার্ড কিংবা রক্ষণভাগের ব্যর্থতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে বার্সেলোনার বিদায়ের উদাহরণ টেনে তিনি ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ন্ত্রণের ওপর জোর দেন।
স্পেন অধিনায়কের ভাষায়, চ্যাম্পিয়ন্স লিগে সবসময় সেরা দলই জেতে না। এটি ম্যাচের ছোট ছোট মুহূর্ত নিয়ন্ত্রণে রাখার খেলা। আক্রমণে খুব বেশি উজ্জ্বল না হলেও আমাদের আরও সংহত ও ধারাবাহিক হতে হবে। এই জায়গায় আমাদের উন্নতির সুযোগ রয়েছে।
ম্যানচেস্টার সিটির হয়ে ইউরোপসেরা হওয়ার অভিজ্ঞতা রয়েছে রদ্রির। সেই অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, বড় শিরোপা জিততে হলে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া জরুরি।
রদ্রি বলেন, বড় কিছু জেতার আগে আপনাকে হারতে হবে এবং সেই হার থেকে শিখতে হবে। ম্যানচেস্টার সিটিতে শিরোপা জেতার আগে আমিও বহুবার ব্যর্থ হয়েছি। এই অভিজ্ঞতার মধ্য দিয়েই খেলোয়াড়েরা প্রতি বছর আরও পরিণত হয়ে ওঠে।
সূত্র: গোলডটকম।
আরটিভি/এসকে




