
অবশেষে জাকার্তায় আজ পর্দা উঠতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। মালয়েশিয়া ম্যাচ দিয়ে আগামীকাল নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ দল। এর আগে নিজেদের লক্ষ্য কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে জামাল বলেন, অবশ্যই এই টুর্নামেন্টে ভালো করতে এবং ভালো পারফর্ম করতে আমাদের প্রত্যাশা আছে। জাকার্তায় বড় দর্শকের সামনে খেলার জন্য আমরা সত্যিই মুখিয়ে আছি।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ১৮১তম স্থানে রয়েছে বাংলাদেশ। শক্তিমত্তার বিচারে গ্রুপের বাকি তিন দলই এগিয়ে। ইন্দোনেশিয়া ১১৮তম, মালয়েশিয়া ১৩৬তম এবং সিঙ্গাপুর ১৪৮তম স্থানে রয়েছে।
গ্রুপে বাংলাদেশের অবস্থানের বাস্তবতা ভালোভাবেই জানেন জামাল। তবে র্যাঙ্কিংয়ের ব্যবধানকে বাধা হিসেবে দেখছেন না এই মিডফিল্ডার।
তিনি বলেন, আমরা জানি, গ্রুপে আমরাই সবচেয়ে নিচের র্যাঙ্কিংয়ের দল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের পর আমাদের অবস্থান। কিন্তু আমাদের নিজেদের প্রত্যাশা আছে, দেশেরও প্রত্যাশা আছে। আমরা তিন বা চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য ঠিক করেছি। আর ফুটবলে এরপর কী হয়, তা তো কখনোই বলা যায় না।
আসিয়ান কাপে ভালো করার পাশাপাশি জামালের স্বপ্ন, বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে। সদ্যই যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপের ম্যাচ দেখে ফেরা জামাল দেশের ফুটবল উন্মাদনা নিয়ে ফিফাকে বলেন, বিশ্বকাপের সময় বাংলাদেশে যে কী উন্মাদনা হয়, তা আপনি কল্পনাও করতে পারবেন না। ঢাকার প্রতিটি ভবনে বিভিন্ন দলের পতাকা ওড়ে, বড় পর্দায় ২০-৩০ হাজার মানুষ একসঙ্গে খেলা দেখে। একবার ভাবুন তো, আমরা যদি সত্যিই বিশ্বকাপে খেলতে পারি... সেই উন্মাদনার মাত্রাটা কোথায় গিয়ে ঠেকবে!
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
আরটিভি/এসআর


