
মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির আর্জেন্টাইন লিওনেল মেসি মাঠের খেলার পাশাপাশি ব্যবসায়ী ও ক্লাব মালিক হিসেবেও নিজের ক্যারিয়ার এগিয়ে যাচ্ছেন। কাতালান ক্লাব বার্সেলোনার ঐতিহাসিক জার্সির বাইরে এবার মালিক হিসেবে স্পেনের মাটিতে নিজের প্রথম জয়ের স্বাদ পেলেন এই ফুটবল জাদুকর।
সম্প্রতি স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা বুঝে নেন মেসি। শতবর্ষের বেশি পুরোনো আলিকান্তে অঞ্চলের এই ক্লাবটির জন্য ঘটনাটি এক নতুন এবং ঐতিহাসিক মোড় এনে দিয়েছে। আনুষ্ঠানিকভাবে মালিকানা গ্রহণের মাত্র ২৪ ঘণ্টার মাথায় ক্লাবটির ম্যাচ উপভোগ করার একটি ছবি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন মেসি।
নতুন মালিকের অধীনে স্বপ্নের মতো সূচনা করেছে এলদেন্স। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের অষ্টম রাউন্ডের খেলায় লা লিগা থেকে সদ্য অবনমিত হওয়া রিয়েল ওভিয়েদোকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। চলতি মৌসুমে এলদেন্সের এটি মাত্র দ্বিতীয় জয়। ৮ ম্যাচে ২ জয়, ২ ড্র ও ৪ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের ১৫তম স্থানে রয়েছে তারা।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটিকে ঘিরে এবার নতুন স্বপ্নের জাল বুনছেন সংশ্লিষ্টরা। এক সময়ের বার্সেলোনা মহাতারকার হাত ধরে এলদেন্সের মূল লক্ষ্য এখন লা লিগায় উন্নীত হওয়া। পয়েন্ট টেবিলে ১৯ ও ১৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থান করছে কাস্তেলন ও এইবার। তবুও মেসির মতো মহাতারকার ছোঁয়ায় ক্লাবটি নিজেদের ভাগ্য বদলে লা লিগায় জায়গা করে নেওয়ার ঐতিহাসিক স্বপ্ন দেখছে।
আরটিভি/এসকে




