
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়া এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতি নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচনা করেছেন তার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ওয়েইন রুনি। রুনির মতে, পুরো ঘটনায় রোনালদোর আচরণ ছিল ভুল এবং এতে কোচ, সতীর্থ ও পর্তুগিজ ফুটবল ফেডারেশনকে অসম্মান করা হয়েছে।
প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধের জেরে পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সতীর্থদের কাছে ক্ষমা চান তিনি। তবে কোচ জেসুসের বিরুদ্ধে নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলেন পর্তুগিজ এই মহাতারকা।
রোনালদোর এমন আচরণে অসন্তোষ প্রকাশ করে ‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’-এ রুনি বলেন, একই দিনে লিওনেল মেসির আর্জেন্টিনার হয়ে অবসরের ঘোষণা দেওয়ার প্রসঙ্গ টেনে রোনালদোর পর্তুগাল দল ছেড়ে যাওয়া এবং এরপর বিবৃতি দেওয়ার বিষয়টি সব দিক থেকেই ভুল ছিল।
রুনির মতে, রোনালদোর এই পদক্ষেপে শুধু কোচকেই নয়, সতীর্থদেরও ছোট করা হয়েছে। একই সঙ্গে পর্তুগিজ ফুটবল ফেডারেশনকেও হেয় করা হয়েছে বলে মনে করেন সাবেক এই ইংলিশ ফুটবলার।
তিনি বলেন, নিজের কোচকে যেভাবে হেয় করা হয়েছে এবং সতীর্থদের যেভাবে ছোট করা হয়েছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়। পুরো ঘটনাটি একজন সতীর্থ ও কোচের দৃষ্টিকোণ থেকে দেখলে ভালো লাগার মতো কিছু নয় বলেও মন্তব্য করেন রুনি।
রোনালদোর আচরণকে অস্বস্তিকর উল্লেখ করে রুনি আরও বলেন, প্রত্যেক খেলোয়াড়ের জীবনেই এমন সময় আসে, যখন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে রোনালদো সেই বিষয়টি ভালোভাবে সামলাতে পারছেন না।
রুনির এই মন্তব্যে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় এবং মাঠের বাইরের আচরণ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
আরটিভি/এসকে


