
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন দুশ্চিন্তায় ইন্টার মিলান। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ। আগামী আন্তর্জাতিক বিরতির আগে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই। ফলে চ্যাম্পিয়নস লিগ ও ইতালিয়ান সিরি আ মিলিয়ে গুরুত্বপূর্ণ অন্তত সাতটি ম্যাচে এই ফরোয়ার্ডকে ছাড়াই খেলতে হতে পারে ইতালিয়ান ক্লাবটিকে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মার্তিনেজের চোটের বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মিলান। ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, রোজানোর হিউম্যানিটাস ইনস্টিটিউটে শারীরিক পরীক্ষা ও ডায়াগনস্টিক টেস্টের পর তার বাঁ ঊরুর ফ্লেক্সর পেশিতে সমস্যা ধরা পড়েছে। প্রাথমিকভাবে চোটটি যতটা হালকা মনে করা হয়েছিল, পরীক্ষা-নিরীক্ষার পর পরিস্থিতি তার চেয়ে কিছুটা জটিল বলে জানা গেছে।
চোটের কারণে আগামী আন্তর্জাতিক বিরতি পর্যন্ত ইন্টারের হয়ে মাঠে নামতে পারবেন না ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার। এ সময়ে বোলোনিয়া, শাখতার দোনেৎস্ক, ফিওরেন্তিনা, ভেনেজিয়া, এসি মিলান, ফেয়েনুর্দ ও কোমোর বিপক্ষে ম্যাচে তাকে পাবে না দলটি।
বিশেষ করে এসি মিলানের বিপক্ষে মর্যাদার ‘মিলান ডার্বি’তে অধিনায়ককে না পাওয়া ইন্টারের জন্য বড় ধাক্কা। আগামী ৩১ অক্টোবরের ওই ম্যাচে মার্তিনেজের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও তার অনুপস্থিতি দলের আক্রমণভাগের শক্তিতে প্রভাব ফেলতে পারে।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্তিনেজের চোটের ধরন ও মাঠে ফেরার সময় নির্ধারণে আগামী কয়েক দিন তার শারীরিক অবস্থার ওপর নজর রাখা হবে। পরে পুনরায় মূল্যায়ন করা হবে তার চোটের অবস্থা। তবে ঠিক কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ক্লাব ব্রুগের কাছে ৪-৩ গোলে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছিলেন মার্তিনেজ। তবে একই সঙ্গে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও জানিয়েছেন ইন্টার অধিনায়ক। তিনি লিখেছেন, ‘মাথা নিচু রেখে কঠোর পরিশ্রম করে যেতে হবে; উন্নতি করার এটাই একমাত্র পথ।’
চলতি মৌসুমে ইন্টারের আক্রমণভাগের অন্যতম ভরসা মার্তিনেজ। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে তার চোট দলটির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন অধিনায়কের সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় থাকতে হবে ইন্টারকে।
আরটিভি/এসকে




